সফটওয়্যার ডিজাইনে ওমান ও কাতারের নারী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের আয়োজনে শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির প্রতিযোগিতা ইমাজিন কাপের দশম আসরে এবার শুধু নারী প্রতিযোগীদের নিয়ে গঠিত দল আছে দুটি। ৭৫টি দেশের ১০৬টি দলের মধ্যে ওমান ও কাতার দলগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে। আর দুটি দলই সাফল্যের পরিচয় দিচ্ছে। সফটওয়্যার ডিজাইন বিভাগে দ্বিতীয় পর্যায়ে উন্নীত ২০টি দলের মধ্যে আছে ওমান ও কাতারের এই দুই নারী দল। অস্ট্রেলিয়ার সিডনির সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে ইমাজিন কাপের চূড়ান্ত পর্বের তৃতীয় দিনে গতকাল রোববার সারা দিনই চলেছে দ্বিতীয় ধাপে উন্নীত দলগুলোর উপস্থাপনা ও প্রদর্শনী। বিচারকদের সামনে নিজেদের সফটওয়্যার তুলে ধরতে হয়েছে তাঁদের। শেষ ধাপে যাবে সফটওয়্যার ডিজাইন বিভাগ থেকে ছয়টি এবং গেম তৈরির দুটি শাখার প্রতিটি থেকে পাঁচটি করে ১০টি দল। এই প্রতিযোগিতার বাইরেও রয়েছে কয়েকটি পুরস্কার। আগামীকালের সমাপনী অনুষ্ঠানে জানা যাবে বিজয়ীদের নাম। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বাংলাদেশের ইঞ্জিন দল দ্বিতীয় ধাপে অর্থাৎ শেষ ২০টি দলের মধ্যে স্থান পায়নি। তবে এখনো পিপলস চয়েস পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। এ জন্য ইঞ্জিন দলের অন্নপূর্ণা সফটওয়্যারের জন্য চাই অনলাইন ভোট, যা দেওয়া যাবে http://savehumanity.tk ঠিকানার ওয়েবসাইটে। ভোট দেওয়ার শেষ দিন আজই। গতকাল বিকেলে ওমানের নারী দল ‘গ্রসাম’ প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে বিচারকদের সামনে নিজেদের সফটওয়্যার ‘ব্লাড আইটি’ উপস্থাপন করে। এই দলের মেন্টরও একজন নারী। মেন্টর আমাল আল-মাশাইখি জানান, ব্লাড ব্যাংকে অনেক সময় রক্তের সংকট দেখা দেয়। রক্তের জরুরি প্রয়োজন দেখা গেলেই এই সফটওয়্যারটি রক্তদাতাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠাবে। রক্তদাতাদের পুরো ডেটাবেইস থাকবে এ সফটওয়্যারে। এ ছাড়াও এটি দিয়ে রক্তের দান ও গ্রহণ ব্যবস্থাপনা করা যাবে। এই দলের চারজন প্রতিযোগীই সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কাতারের টেকনোলজি ল্যানটার্স দলটির মেন্টর পুরুষ হলেও চারজন প্রতিযোগীর সবাই নারী। তাঁরা কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এ দলটি বানিয়েছে ‘থ্রিডি-কিনডিও’ । দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পথচলার অভিনব এক যন্ত্র ও সফটওয়্যার এটি। ক্যামেরা ও স্পিকারের সমন্বয়ে তৈরি হেলমেট পরে দৃষ্টিপ্রতিবন্ধীরা পৃথিবীর যেকোনো স্থানের সড়কে চলাচল করতে পারবে। রাস্তায় কোনো বাধা থাকলে হেলমেটটি দৃষ্টিপ্রতিবন্ধীকে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে।আজ ইমাজিন কাপের সফটওয়্যার ও গেম ডিজাইন প্রতিযোগিতার শেষ ধাপে উত্তীর্ণ দলগুলোর উপস্থাপনা দেখবেন বিচারকেরা। দুপুরে শিক্ষার্থীদের জন্য আছে সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ও চিড়িয়াখানা দেখা এবং হারবার ব্রিজে আরোহণের আনন্দ আয়োজন। —পল্লব মোহাইমেন, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে