সফটওয়্যার পাবেন বিনা মূল্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নতুন আর বিনা মূল্যের সফটওয়্যার সহজে নামানোর মাধ্যম হিসেবে ফাইল হিপো ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। এমনিতে অপরিচিত ওয়েবসাইট থেকে বিনা মূল্যে কিছু নামাতে গেলে বিরক্তিকর ‘পপ-আপ উইন্ডো’ অথবা স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সংখ্যা নয় বরং গুণাগুণের ভিত্তিতে স্পাইওয়্যার এবং ভাইরাসমুক্ত প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিনা মূল্যে নামানো যাবে এই ওয়েবসাইট থেকে। শুধু তা-ই নয়, কোনো সফটওয়্যারের পুরোনো সংস্করণও নামানো যাবে এখান থেকে।
ফাইল হিপোকে নতুন করে সাজানো হয়েছে। পরিষ্কার নকশায় সজ্জিত এর সফটওয়্যার তালিকাটা এখন যেন কিছুটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। বিশেষ করে মূল পাতায় অনেক বেশি প্রোগ্রামের ছড়াছড়িতে আগে একটা এলোমেলো অবস্থা ছিল। কয়েকটি বিভাগ আর উন্নত অনুসন্ধানপদ্ধতি ব্যবহার করে নির্দিষ্ট প্রোগ্রাম খোঁজার কাজটাও বেশ সহজ। আরেকটি সুবিধা হলো সবুজ রঙের বড় ‘ডাউনলোড’ বোতাম, যেটি দেখলে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন, কোথায় ক্লিক করে সফটওয়্যারটি নামানো যাবে। নিয়মিত ফাইল হিপো ব্যবহারকারীরা নতুন এই সাজসজ্জায় খুশিই হবেন। আপডেট চেকার নামের যে বিশেষ সুবিধার ছোট প্রোগ্রাম বা টুল ছিল, সেটি এখনো ব্যবহার করা যাবে আরও ভালো এবং দ্রুততার সঙ্গে। ওয়েবসাইটটির ঠিকানা www.filehippo.com।—মঈন চৌধুরী