সফটওয়্যার ব্যবহারে সহজ হয়েছে হজ ব্যবস্থাপনা
‘সৌদি দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে রাত জেগে হজযাত্রীদের ভিসা লজমেন্ট করতে অনেক বিড়ম্বনা হতো। ১৮২ জন হাজির ভিসা করতে ১০-১২ দিন লেগে যেত। এবার ভিসা লজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে মাত্র চার ঘণ্টায় কাজ শেষ হয়েছে।’ এমনটাই বললেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি জামাল উদ্দিন আহমেদ।কয়েক বছর থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিজনেস অটোমেশন লিমিটেড কাজটি করছে। ভিসা লজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেইস থেকে প্রয়োজনীয় তথ্যে নির্ধারিত ফরমের ঘরগুলো পূরণ হয়ে যায়। তা ছাড়া সৌদি দূতাবাসে ভিসাপ্রার্থীর নামের তালিকা জমা দিতে হতো। এ সফটওয়্যার ব্যবহারের ফলে এখন অল্প সময়ে কাজ করা যায়।বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল হাসান জানান, হজ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার কয়েক বছর ধরে হলেও এবার আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন—ভিসা লজমেন্ট সফটওয়্যার, এম্বারকেশন কার্ড প্রিন্ট সফটওয়্যার, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির আগের চেয়ে অনেক কম সময়ে, অল্প পরিশ্রমে ও কম খরচে করা যাচ্ছে। হজযাত্রীদের পাসপোর্ট, টিকা দেওয়া সনদ ও অবতরণ কার্ড যত্নে রাখার পরামর্শ দেন তিনি। বিমানবন্দরে এম্বারকেশন কার্ড প্রিন্ট সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে মাত্র ৩০ মিনিটে দুই হাজারের বেশি কার্ড তৈরি করা যাচ্ছে।হজের নির্ধারিত ওয়েবসাইট (www.hajj.gov.bd) তৈরির ফলে এজেন্সির অবস্থা কী, তা জানা যাবে। হাজিদের তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে সংরক্ষণ করা হয় এবং তা হালনাগাদ করা হচ্ছে নিয়মিত। —ফেরদৌস ফয়সাল