সফটওয়্যার মুক্তি দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সফটওয়্যার মুক্তি দিবস। প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় শনিবার বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় এ দিবস। সে অনুযায়ী গতকাল শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় দিবসটি। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দিবস উপলক্ষে আয়োজন করে মুক্ত আড্ডার। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। পরবর্তী সময়ে মুক্ত সফটওয়্যার দর্শনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বিগমাসটেকের প্রধান নির্বাহী সাঈদ ইসলাম। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি বিডিওএসএনের সহযোগী সারা দেশের ১২টি ওপেন সোর্স নেটওয়ার্কও (ওএসএন) নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওএসএন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওএসএন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওএসএন, গণবিশ্ববিদ্যালয় ওএসএন, বগুড়া ওএসএন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওএসএন, ময়মনসিংহ ওএসএন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওএসএন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ওএসএন, রাজশাহী ওএসএন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওএসএন র্যালি, মুক্ত আড্ডা, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বাংলা উইকিপিডিয়া সহায়িকা বিতরণসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করেছে। এ ছাড়া ঢাকায় ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন বাংলাদেশ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী মুক্ত সফটওয়্যার ইতিহাস, তথ্যচিত্র প্রদর্শনী, মুক্ত সফটওয়্যার ব্যবহার পদ্ধতি ইত্যাদির আয়োজন করে। মজিলা বাংলাদেশ আড্ডার আয়োজন করেছে। —নুরুন্নবী চৌধুরী