সফটওয়্যার মেলায় আজ দেওয়া হবে পুরস্কার
জমে উঠেছে ‘বেসিস সফটএক্সপো ২০১২’। প্রতিদিনই তারুণ্যের সমাগম হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় আজ দেওয়া হবে পুরস্কার। সন্ধ্যায় শুরু হবে ‘বেসিস অ্যাওয়ার্ড নাইট’ নামের জমকালো এ অনুষ্ঠান। অ্যাওয়ার্ড নাইটে পুরস্কারের মধ্যে থাকছে ফ্রিল্যান্সার পুরস্কার। সারা দেশে আউটসোর্সিং কাজ করছেন এমন মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) মধ্য থেকে বাছাই করে ১৫ জনকে পুরস্কার দেওয়া হবে। তিন বিভাগের মধ্যে শিক্ষার্থী বিভাগে পুরস্কার পাচ্ছেন চারজন, প্রতিষ্ঠান বিভাগে চারটি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত বিভাগে পুরস্কার পাচ্ছেন সাতজন। তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার জন্য দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা। আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতার সেরা তিন প্রতিযোগী পাবেন পুরস্কার।এই প্রতিযোগিতার সেরা ১০টি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে মেলায়। অনলাইন ড্রাগ ডেটাবেজ নামে একটি অনলাইন স্বাস্থ্যবিষয়ক তথ্যসেবা প্রকল্প নিয়ে সেরা দশে স্থান পেয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ। জুয়েল সুপার মোবাইল টেকনোলজি কেন্দ্র নামে আছে একটি প্রকল্প। যেখানে বাড়িতে অপরিচিত কেউ ঢোকার চেষ্টা করলেই মালিকের মোবাইল ফোন তা জানান দেবে ফোন কলের মাধ্যমে। আছে বাকপ্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের যন্ত্র; যা দিয়ে তারা কথার মাধ্যমে ভাব আদান-প্রদান করতে পারবে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ মেলা শেষ হবে আগামীকাল রোববার। মেলা খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। —ইমাম হাসান