সফটওয়্যার স্বাধীনতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশের মতো গতকাল শনিবার বাংলাদেশেও পালিত হয়েছে সফটওয়্যার স্বাধীনতা দিবস। প্রতিবছর ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। সারা বিশ্বের মুক্ত সফটওয়্যার আন্দোলনের সঙ্গে যুক্ত একদল কর্মী দিবসটি উদযাপনে কাজ করেন। এ দিবস উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্ত সফটওয়্যার এবং সফটওয়্যারের স্বাধীনতা বিষয়ে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, সফটওয়্যার স্বাধীনতার মাধ্যমে তথ্য ও প্রযুক্তি জগতে নিজেদের স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে উন্মুক্ত সফটওয়্যার ব্যবহারের বিকল্প নেই। সে জন্য সবাইকে মুক্ত সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানান তিনি। এ ছাড়া অনুষ্ঠানে মুক্ত সফটওয়্যার কেন ব্যবহার করা উচিত, মুক্ত সফটওয়্যার ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যাবে, এ আন্দোলনের মূল উদ্দেশ্যসহ মুক্ত সফটওয়্যারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃষ্টি প্রতিবন্ধির সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন, জাতীয় প্রতিবন্ধি ফোরামের সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, বিডিওএসএনের তামিম শাহরিয়ার, সুব্রত দেবনাথ, নাজিরুল ইসলাম, নাসির খান, আইয়ুব সরকারসহ অনেকে। —নুরুন্নবী চৌধুরী