সফলতা ধরে রাখতে চায় আইসিটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পার করল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। দুই বছর পূর্তিতে নিজেদের নানা সফলতার কথা তুলে ধরতে গতকাল মঙ্গলবার রাজধানীতে ‘এগিয়ে যাওয়ার দুই বছর’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা ২০১৬ সালে অনেক কাজ হাতে নিয়েছি। আমাদের অর্জন ও সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, গত দুই বছরে বাংলা গভনেট প্রকল্পের আওতায় ৫৮টি মন্ত্রণালয়, ২২৭টি অধিদপ্তর, ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় ও ৬৪টি নির্বাচিত উপজেলা নির্বাহী প্রশাসকের কার্যালয় একই নেটওয়ার্কের আওতায় নেওয়া হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে। যশোর ও রাজশাহীতেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে প্রশিক্ষণ পেয়েছেন ৩৪ হাজার জন। সরকারের জন্য ৬০০ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। বিগত দুটি অর্থবছরে আইসিটি বিভাগ থেকে উদ্ভাবনীমূলক কাজের জন্য ৩৯ জনকে ২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।