সব ঠিক আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমাদের মন্টু সাহেব, বড় ভালো মানুষ। অমন মাটির মানুষ আর হয় না। তবে মানুষটার জন্য বড় দুঃখ হয় আমার। কী যে কষ্টে দিনাতিপাত করছেন তিনি, তা গুছিয়ে বলতে পারছি না! এতগুলো মানুষ নিয়ে বড় কষ্টে সংসার চলছে তাঁর। সেদিন শুনলাম, আজকাল নাকি ঠিকমতো দুবেলা খাবারই জুটছে না, ভীষণ অর্থকষ্টে আছেন। মড়ার উপর খাঁড়ার ঘা, কদিন আগে নাকি কিছু টাকাও চুরি গেছে ঘর থেকে। সেদিন পাড়ার চায়ের দোকানে মন্টু সাহেবের সঙ্গে দেখা হলো। জিজ্ঞেস করলাম, ‘ভাই, আছেন কেমন? শুনলাম, বাসায় নাকি চুরি হয়েছে?’
প্রশ্নটা শুনেও মন্টু সাহেব ভাবলেশহীন। তাঁর মুখ দেখে মনে হলো, চুরি অত্যন্ত সাধারণ একটা ঘটনা। কে চুরি করল, কীভাবে করল, তা নিয়ে তাঁর মাথাব্যথাও নেই। একসময় মাথা চুলকে বললেন, ‘ভাই, থাক না এসব কথা। বাসায় যে চুরি হয়েছে, এটা আর কাউকে বলার দরকার নেই। কী দরকার এত জানাজানি করে!’ বলেই মনোযোগ দিয়ে চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে বিরতি নিলেন। বিরতি শেষে বললেন, ‘সব ঠিক আছে, ভাই। সব ঠিক আছে।’
আরও কদিন পরের কথা। মন্টু সাহেবের বাসার ছাদ থেকে নাকি ইট খসে পড়েছে। ভাগ্য ভালো, ছোট ছেলেটার মাথার ওপর পড়লেও এ–যাত্রা বেঁচে গেছে! খবরটা শুনে আমি অবাক! তাড়াতাড়ি গেলাম তাঁর বাসায়। জিজ্ঞেস করলাম, ‘ভাই, খবর কী? শুনলাম, ছাদের ইট খুলে পড়েছে?’ মন্টু সাহেব মাথা চুলকে বললেন, ‘কই? সব ঠিকই তো আছে!’

মন্টু সাহেব ‘সব ঠিক আছে ঠিক আছে’ বললেও আসলে কোনো কিছুই মনে হয় ঠিক নেই। এই তো গত পরশু শুনলাম, কলেজ থেকে বাসায় ফেরার পথে তাঁর মেয়েকে নাকি পাড়ার বখাটেরা উত্ত্যক্ত করেছে!

এই খবর রাষ্ট্র হতে সময় লাগল না। ভাবলাম, এবার নিশ্চয়ই প্রচণ্ড আশাবাদী মন্টু সাহেব ‘সব ঠিক আছে’ বলবেন না। তাঁর বাসায় গিয়ে দেখি, তিনি তাঁর নিজের ঘরের খবর নিয়ে অত মাথা ঘামাচ্ছেন না! পুরোনো একটা পত্রিকা হাতে নিয়ে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। বরাবরের মতো জিজ্ঞেস করলাম, ‘ভাই, যা শুনলাম, তা কি সত্যি?’

মন্টু সাহেব যেন আকাশ থেকে পড়লেন, ‘কই? এগুলো তেমন কোনো ঘটনা নয়। এসব তো মাঝেমধ্যে হতেই পারে!’ মন্টু সাহেবের কথা শুনে আমার কী করা উচিত, ভেবে পেলাম না।

তারপর থেকে মন্টু সাহেবের কোনো খারাপ খবর শুনলে আমি আর তাঁর কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করি না। বরং চায়ের কাপে চুমুক দিতে দিতে বলি, ‘সব ঠিক আছে, সব ঠিক আছে!’