সব দোষ বাঁশের কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অনন্য নিদর্শন! ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অনন্য নিদর্শন! ছবি: সংগৃহীত

জীবনে আমরা বেঁচে থাকার জন্য কত কিছুই না খাই। যেমন প্রতিদিন খাচ্ছি বাঁশ। তাই এই বাঁশ আমাদের জাতীয় জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। অথচ চুয়াডাঙ্গার দর্শনায় নাকি রডের সঙ্গে বাঁশ দেওয়ার কারণে ইঞ্জিনিয়ারদের নিয়ে সমালোচনা হচ্ছে! কারণটা কী? বাঁশের জন্য নাকি ফাটল দেখা গেছে নির্মাণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কার্যালয় ও পরীক্ষাগার (অফিস কাম ল্যাবরেটরি) ভবনে! এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না! ‘যার নুন খাই তার গুণ গাই’ নীতিতে বিশ্বাসী হলে বাঁশ খেয়ে আবার সেই বাঁশেরই দুর্নাম আমরা করি কী করে!
একসময় আমাদের গ্রামবাংলার প্রতিটি ঘরবাড়ি ছিল বাঁশের তৈরি। তখন কি কোনো দিন শুনেছেন, কোনো ঘরবাড়িতে ফাটল দেখা গেছে? তবে আজ কেন বাঁশের দোষ দেওয়া হচ্ছে? যে বাঁশ খেয়ে আমরা দিন অতিবাহিত করছি, সেই বাঁশের দুর্নাম করতে আমাদের একটুও বুক কাঁপল না?
বলা হচ্ছে, রডের সঙ্গে বাঁশ দেওয়ায় ভবনে ফাটল ধরা পড়েছে। ফাটল দেখা গেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু কথা হচ্ছে ফাটলটা ধরল কেন? দেখুন, আগেই বলা হয়েছে, বাঁশ দিয়ে তৈরি কোনো ঘরবাড়িতে ফাটল ধরতে কোনো দিন শোনা যায়নি। তার মানে বাঁশের কোনো দোষ নেই। তবে ইঞ্জিনিয়ারদের দোষ আছে বৈকি। তাঁরা কীভাবে পারলেন রডের সঙ্গে বাঁশ দিতে? তাঁদের উচিত ছিল পুরো ভবনটাই বাঁশ দিয়ে তৈরি করে তার ওপর ইট, বালু, সিমেন্ট দেওয়া। তাহলেই তো হয়ে যেত। কেন তাঁরা বাঁশের সঙ্গে আবার রড দিতে গেলেন? এ প্রহসনের মানে কম? কেবল বাঁশ দিয়ে ভবন তৈরি করলে এ ধরনের বিপদের কোনো আশঙ্কাই থাকত না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।