রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে চলছে আট দিনের ‘সিটি আইটি ২০১৭’ নামের কম্পিউটার মেলা। মেলায় কোনো পণ্য কিনলে মূল্যছাড় বা উপহার পাওয়া যাচ্ছে। গতকাল শনিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের বেশির ভাগই তরুণ। মেলায় আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন বলেন, ‘ল্যাপটপ কেনার জন্য মেলায় এসেছি। তাই মেলায় ঘুরে ল্যাপটপের দরদাম দেখছি।’
মেলার সমন্বয়ক মুসা কামাল বলেন, ‘আমাদের মেলা ধীরে ধীরে জমে উঠছে। ক্রেতাদের চাহিদা বেশ লক্ষণীয়।’
মেলায় নতুন পণ্য, ছাড় ও উপহার
এইচপি: স্পেক্টর এক্স৩৬০ কনভার্টেবল সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে এইচপি। মেলায় তাদের বিভিন্ন পণ্যের সঙ্গে উপহার হিসেবে দিচ্ছে ফটো ফ্রেম, লেদার কম্বো প্যাক ও ওয়াল হ্যাঙ্গার।
ডেল: ডেলের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পাওয়া যাবে মনিটর, তারহীন মাউস, ব্লুটুথ হেডফোন ও শপিং ভাউচার।
এসার: স্মার্ট টেকনোলজিস পরিবেশিত এসারের যেকোনো পণ্যে মূল্যছাড়ের পাশাপাশি স্ক্র্যাচ কার্ড ঘষে এসি, টিভি, ল্যাপটপ, সাইকেলসহ নানা উপহার জেতার সুযোগ থাকছে। নতুন পণ্য হিসেবে সুইফট সিরিজের এসএফ৭১৩-৫১ মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে। বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসেবে দাবি করছে প্রতিষ্ঠানটি।
লেনোভো: স্মার্ট টেকনোলজিস পরিবেশিত লেনোভোর পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ড ঘষে পাওয়া যাবে ভ্রমণের সুযোগ, ট্যাবলেটসহ নানা উপহার। অন্যদিকে গ্লোবাল ব্র্যান্ড পরিবেশিত লেনোভোর পণ্যে পাওয়া যাচ্ছে পাওয়ার ব্যাংক ও স্বপ্ন-এর গিফট বাউচার।
আসুস: ‘জেনবুক ফর অল’ স্লোগান নিয়ে মেলায় এসেছে আসুস। আসুসের পক্ষ থেকে বলা হয়েছে, সবার হাতে জেনবুক তুলে দিতে এই স্লোগান দিয়েছে তারা। মেলায় আসুসের ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন উপহার।
রায়ানস কম্পিউটার: রায়ানস কম্পিউটার তাদের প্রতিটি পণ্যের সঙ্গে উপহার দিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রিন্টার, গিফট ভাউচার, তারহীন মাউস, পেনড্রাইভ, টি-শার্ট ও মগ।
ম্যাসিভ কম্পিউটার: পণ্যে ১০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাচ্ছে। অন্যদিকে পাওয়ার কুইভের তিনটি পণ্য কিনলে বিনা মূল্যে পাওয়া যাবে আরেকটি পণ্য।
হাইটেক প্রফেশনালস: হাইটেক প্রফেশনালস ‘বৈশাখী অফার’ নামে তিনটি কম্পিউটার বিক্রি করছে। বৈশাখী অফার ১-এ ৯ হাজার ৪৯৯ টাকায় পাওয়া পাওয়া যাচ্ছে ইন্টেল ডুয়েল কোর প্রসেসরের কম্পিউটার। বৈশাখী অফার ২-এ ১১ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসরের কম্পিউটার ও বৈশাখী অফার ৩-এ ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ইন্টেল কোর আইথ্রি প্রসেসরের কম্পিউটার।
৬ এপ্রিল শুরু হওয়া এই মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলা উপলক্ষে আজ রোববার খোলা থাকবে বিসিএস কম্পিউটার সিটি। প্রতিদিনই বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলছে এই মেলা। গত শুক্রবার এতে অনুষ্ঠিত হয় গ্লোবাল ব্র্যান্ড শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।