সবকিছু অছাত্রদের অধিকারে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ুন আজাদের ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ কবিতার প্যারোডি
আমি জানি সবকিছু অছাত্রদের অধিকারে যাবে।
অছাত্রদের হাতের মুঠোতে ধরা পড়বে ছাত্রদের
সব চাদর আর বালিশ; চলে যাবে অত্যন্ত উল্লাসে
চলে যাবে এই গণরুম, বারান্দা, ক্যানটিনের চিপা-
অছাত্রদের অধিকারে ধুয়ে-মুছে, যে রকম হল
আর সিটগুলো দিকে দিকে চলে গেছে অছাত্রদের
অধিকারে। চলে যাবে মশারি, বিছানা, কাঁথা, কম্বল
মুঠোফোন, চার্জার লাইট, খাতা ও বইয়ের ট্রাঙ্ক
বাথরুম, বারান্দা, সিঁড়ি, টিভি রুম, নির্জন রাস্তাঘাট।
হল আর সিটগুলো চলে গেছে, ক্লাসও যাবে;
ছাত্রের সমস্ত স্বপ্ন আস্তাকুঁড়ে ছুড়ে একদিন
পুরো ভার্সিটিই অছাত্রদের অধিকারে যাবে।
আমি জানি সবকিছু অছাত্রদের অধিকারে যাবে।
ছাত্রের রুম আর নড়বড়ে সিঙ্গল খাট
কিছুই না-দেখা, বধির হল কর্তৃপক্ষ
নাশতার সব পরোটা অছাত্রদের অধিকারে যাবে।
অছাত্রদের সব দোস্ত আর শ্বশুরবাড়ির
সমস্ত কুটুম, বেয়াই, তাওই, কাজের বুয়ার নাতি,
পাস করা সরকারি চাকুরে, ব্যাংকের কেরানি
দলে দলে হলে এসে উঠবে।
চলে যাবে ভালো সব ছাত্ররা; জায়গা না পেয়ে, মশার কামড় খেয়ে
মেধাবী আর দরিদ্রদের ভয়ানক কষ্ট দিয়ে
হলগুলো সব অছাত্রদের অধিকারে যাবে।
আমি জানি সবকিছু অছাত্রদের অধিকারে যাবে।
সবচেয়ে মেধাবী ছেলে বারান্দায় শুয়ে সারা রাত
মারবে এডিস মশা; সব বড় ভাইদের দখলে
ধরা থাকবে প্রতিটি একক রুম। চলে যাবে,
ছাত্ররা চলে যাবে, আমাদের মেধাবী ছেলেরা
বই আর খাতাগুলো ঘৃণা করে চলে যাবে, নেতাদের
সাগরেদ হবে। এই সব চেয়ার, টেবিল, কম্পিউটার
শহীদ মিনারের ফুল, রাজনীতি, খেলার মাঠ
ক্রিকেট-ফুটবল, আমার সমস্ত বন্ধু, বান্ধবী, দোস্ত,
আর গ্রাম থেকে আসা বাবার হাবাগোবা ছেলে—
দখল করা হলের অবশিষ্ট সামান্য জায়গা—
আমি জানি তারা সব অছাত্রদের অধিকারে যাবে।