সবকিছু দামি তৈরি করা অ্যাপলের দায়িত্বহীনতা: সুন্দর পিশাই

অ্যান্ড্রয়েডচালিত পণ্য তুলনামূলকভাবে সাশ্রয়ী। কম দামেই মানুষ কিনতে পারে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন। অ্যান্ড্রয়েড কম দামের পণ্যে ব্যবহৃত হয় বলে এ নিয়ে সমালোচনাও কম নেই। অ্যান্ড্রয়েডের এমনই একজন সমালোচক হচ্ছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। সম্প্রতি টিম কুকের অ্যান্ড্রয়েড নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন গুগলের পণ্য বিভাগের প্রধান সুন্দর পিশাই। তিনি অ্যাপলকে ‘দায়িত্বহীন’ বলে উল্লেখ করেছেন।
ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে সময় পিশাইয়ের কাছে টিম কুকের অ্যান্ড্রয়েড নিয়ে সমালোচনার কোনো জবাব আছে কি না—তা জিজ্ঞাসা করা হয়। সম্প্রতি গুগলের অ্যান্ড্রয়েডকে খোঁচা মেরে মন্তব্য করেছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী।
টিম কুকের সমালোচনার জবাবে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের চেয়ে গুগলের অ্যান্ড্রয়েডের সুবিধার পার্থক্যগুলো তুলে ধরেন সুন্দর পিশাই। তিনি বলেন, ‘ব্যবহারকারীরা আমাদের সেবা তাঁদের পছন্দানুযায়ী বেছে নেন। আমাদের পণ্যগুলো সবার পছন্দের। আমাদের প্রচুর পণ্য আছে এবং ১০০ কোটিরও বেশি গ্রাহক আছেন। তাঁরাই আমাদের সম্পদ। আমরা অনেক সেবা তাঁদের জন্য বিনা মূল্যেই দিয়ে থাকি।’
অবশ্য বিনা মূল্যে সবকিছু দেওয়া মানে তা থেকে যে মুনাফা আসে না তা নয়। কিন্তু পিশাইয়ের যুক্তি হচ্ছে, অ্যাপলের মধ্যে ‘অভিজাত’ ভাব দেখানোর বিষয়টি আছে।
পিশাই আরও বলেন, শত শত ডলার দামের সব পণ্য তৈরি করা নিশ্চয় দায়িত্বশীলতা দেখানো নয়।
অবশ্য সুন্দর পিশাইয়ের একই সুরে সুর মিলিয়েছেন মোবাইল ফোন নির্মাতা মটোরোলার প্রেসিডেন্ট রিক অস্টারলো। সম্প্রতি কাস্টোমাইজ করার সুবিধাযুক্ত ফোন তৈরিতে কাজ করছে মটোরোলা। এ বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অ্যাপলের ডিজাইন বিভাগের প্রধান জনি আইভ। মটোরোলার নাম সরাসরি উল্লেখ না করলেও কাস্টোমাইজ ফোন তৈরির ধারণাটির সমালোচনা করে আইভ বলেন, ‘নকশাবিদ হিসেবে এতে দায়িত্বশীলতার অবহেলা করা হয়।’ জনি আইভের সমালোচনার জবাবে অস্টারলো বলেন, ‘অ্যাপল মানুষের কাছ থেকে পকেট কাটা দাম রাখে।’