
মহাবিশ্বে ‘সবচেয়ে পুরোনো আলো’ কবে জ্বলেছিল? এই প্রশ্নের উত্তর জানতে জ্যোতির্বিজ্ঞানীরা বহু আগে থেকেই গবেষণা করছেন। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) কৃত্রিম উপগ্রহ প্ল্যাংক স্যাটেলাইট নিয়ে কর্মরত একদল বিজ্ঞানী এ ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন। তাঁরা বলছেন, আদি নক্ষত্রগুলো আলো ছড়িয়েছিল প্রচলিত ধারণার চেয়ে আরও পরে।
ইএসএর ওই বিজ্ঞানীরা মহাবিশ্বের ‘প্রাচীনতম আলোর’ এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত মানচিত্রটি তৈরি করেছেন। এর আগে বিভিন্ন পর্যবেক্ষণে বলা হয়েছিল, প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো আলো ছড়িয়েছিল বিগ ব্যাংয়ের (মহাজাগতিক বিস্ফোরণ) প্রায় ৪২ কোটি বছর পর। কিন্তু প্ল্যাংকের পাঠানো নতুন তথ্য-উপাত্ত অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টি হওয়ার প্রায় ৫৬ কোটি বছর পর নক্ষত্রগুলো আলোকিত হয়েছিল বলে ইঙ্গিত মিলেছে।
প্ল্যাংক সায়েন্স কলাবোরেশনের বিজ্ঞানী অধ্যাপক জর্জ এফস্টাথিউ বলেন, ‘মহাবিশ্বের ১ হাজার ৩৮০ কোটি বছরের ইতিহাসে ১৪ কোটি বছরের ওই ব্যবধানকে খুব সামান্য মনে হতে পারে। কিন্তু আনুপাতিক বিবেচনায় এটা সবচেয়ে পুরোনো যুগের গুরুত্বপূর্ণ মহাজাগতিক পরিবর্তন সম্পর্কে আমাদের উপলব্ধিতে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে।’
বিগ ব্যাং পরবর্তী আলোর দীপ্তি নিয়ে গবেষণার ভিত্তিতে ইএসএর প্ল্যাংক স্যাটেলাইট ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ওই আলোর ‘জীবাশ্মের’ মানচিত্র তৈরি করে। এতে মহাবিশ্বের আদি পরিস্থিতির অনেক তথ্য সন্নিবেশ করা হয়েছে। ফলে সেই সময় অবস্থা সম্পর্কে এটি থেকে ভালো ধারণা পাওয়া যায়।
প্রাথমিক পর্যায়ে মহাবিশ্ব একটি বড় ধরনের পরিবেশ পরিবর্তনের মুখোমুখি হয়েছিল। এটি রি-আয়োনাইজেশন নামে পরিচিত। বিগ ব্যাং পরবর্তী মহাবিশ্বে তখন ক্রমেই শীতল হতে থাকা নিরপেক্ষ হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য ছিল। আর তখন উত্তপ্ত ও উজ্জ্বল আদি নক্ষত্রগুলো আলো ছড়িয়েছিল। কিন্তু সেগুলোর আয়ু ছিল খুবই সংক্ষিপ্ত। নক্ষত্রগুলো তখন আশপাশের নিরপেক্ষ গ্যাসের ওপর প্রভাব বিস্তার করে এবং হাইড্রোজেনের প্রোটন থেকে ইলেকট্রনগুলোকে সম্ভবত আলাদা করে। বিগ ব্যাংয়ের ৫৬ কোটি বছর পর রি-আয়োনাইজেশন প্রক্রিয়ায় গ্যাসীয় উপাদানের পারমাণবিক উপাদানের যে মেরুকরণ ঘটেছিল বলে অনুমান করা হয়, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন প্ল্যাংকের গবেষকেরা।
২০০০-এর দশকে ডব্লিউএমএপি নামের একটি স্যাটেলাইটের কার্যক্রম শুরু হয়। এটির দেওয়া তথ্য অনুযায়ী, রি-আয়োনাইজেশন ঘটেছিল আনুমানিক ৪২ কোটি বছর আগে।
কিন্তু হাবল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের আদি পরিস্থিতি নিয়ে যে পর্যবেক্ষণ চালায়, তাতে ডব্লিউএমএপির ওই তথ্যের যথার্থ প্রমাণ হয়নি। তখনকার নক্ষত্র ও ছায়াপথে পরিবেশগত পরিবর্তনের ব্যাপারে যথেষ্ট পরিমাণ তথ্য পায়নি হাবল। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ম্যাকমোহন বলেন, রি-আয়োনাইজেশনের ব্যাপারে প্ল্যাংক নতুন যে সময়ের কথা উল্লেখ করেছে—তা এ ব্যাপারে পুরোনো সমস্যার কার্যকর সমাধান দিয়েছে। মূলত সমস্যাটির ভিন্ন ভিন্ন দিক নিয়ে দুই দল জ্যোতির্বিজ্ঞানী কাজ করছেন। প্ল্যাংকের গবেষকেরা বিগ ব্যাংয়ের দিকটি নিয়ে কাজ করছেন। আর অন্য গবেষকেরা বর্তমান তথ্য অনুযায়ী তৎকালীন ছায়াপথ নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। ব্যাপারটা অনেকটা একটা নদীর ওপর সেতু নির্মাণ করার মতো। আগে মাঝখানে ব্যবধান ছিল, আর এখন দুই পাশের মধ্যে সংযোগ তৈরি হচ্ছে।
ওই ব্যবধানের কারণেই রি-আয়োনাইজেশনের জটিল প্রক্রিয়া এবং শুরুর পরিস্থিতি সম্পর্কে জানতে বিজ্ঞানীরা কৌতূহলী হন। তাঁদের অনেকের ধারণা, ওই সময়ের আগেও বিশালাকার একাধিক নক্ষত্র বা শক্তিশালী কৃষ্ণগহ্বরের অস্তিত্ব হয়তো ছিল। প্ল্যাংকের দেওয়া নতুন তথ্যটি হাবলের উত্তরসূরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের জন্যও সহায়ক হতে পারে। সূত্র: বিবিসি|