সবচেয়ে বড় লুমিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়া লুমিয়া
নকিয়া লুমিয়া

লুমিয়া সিরিজে সবচেয়ে বড় চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া। এ ফোনটির মডেল হবে ‘লুমিয়া ৬২৫’। ২৩ জুলাই লন্ডনে একটি অনুষ্ঠানে লুমিয়া সিরিজে নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।
নকিয়ার এই উইন্ডোজনির্ভর লুমিয়া ৬২৫ স্মার্টফোনটির দাম হবে ২২ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এ স্মার্টফোনটি।
নকিয়া কর্তৃপক্ষের ভাষ্য, লুমিয়া ৬২৫ স্মার্টফোনটির এলসিডি ডিসপ্লেতে ৮০০ বাই ৪৮০ পিক্সেল মানের ছবি দেখা যাবে। এতে সুপার সেনসিটিভ টাচ প্রযুক্তি থাকায় দস্তানা ব্যবহার করেও অ্যাপ্লিকেশন চালানো যাবে। এতে রয়েছে এক দশমিক দুই গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। আট গিগাবাইট ইন্টারনাল মেমোরিযুক্ত লুমিয়া ৬২৫ স্মার্টফোনটিতে ৬৪ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।
লুমিয়া ৬২৫ স্মার্টফোনটির পেছনে থাকবে এলইডি ফ্ল্যাশ, অটো ফোকাসসহ পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ডব্লিউভিজিএ ক্যামেরা। ১৫৯ গ্রাম ওজনের লুমিয়া স্মার্টফোনটিতে উন্নত ব্যাটারির পাশাপাশি ফোরজি, ওয়াই-ফাই ও ব্লুটুথ থাকবে। কমলা, সবুজ, হলুদ, কালো ও সাদা এ পাঁচটি রঙে বাজারে আসবে লুমিয়া সিরিজের সবচেয়ে বড় এ স্মার্টফোনটি।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সম্প্রতি ৪১ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত লুমিয়া ১০২০ নামে নতুন একটি স্মার্টফোন ঘোষণা দেওয়ার পর এবারে চার দশমিক সাত ইঞ্চি মাপের ‘ফ্যাবলেট’ ঘোষণা দিল নকিয়া। উইন্ডোজনির্ভর লুমিয়া সিরিজের স্মার্টফোন জনপ্রিয় করতে নতুন নতুন স্মার্টফোন বাজারে আনছে নকিয়া।