সবচেয়ে বেশি আইফোনে চলবে স্যামসাংয়ের প্রসেসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বন্দ্ব, হিংসা, মামলা, প্রতিদ্বিন্দ্বতা যাই থাকুক না কেন ব্যবসা তো ব্যবসা! আবারও প্রমাণ করছে বিশ্বের শীর্ষ দুই স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের কাছ থেকে পরবর্তী আইফোনের জন্য সবচেয়ে বেশি প্রসেসর কিনবে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে জড়িত সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রের তথ্য অনুযায়ী, অ্যাপলের জনপ্রিয় পণ্য আইফোনের পরবর্তী প্রজন্মের জন্যও প্রসেসর স্যামসাংয়ের কাছ থেকেই কিনছে অ্যাপল। মোট ৭৫ শতাংশ প্রসেসরই স্যামসাং সরবরাহ করবে। বাকি ২৫ শতাংশ কোন প্রতিষ্ঠান সরবরাহ করবে তা অবশ্য জানানো হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন নিয়ে অ্যাপল ও স্যামসাং কোনো মন্তব্য করেনি। অবশ্য, নতুন এই চিপ তৈরির জন্য অ্যাপলের কাছ থেকে ফরমায়েশ পেয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত করেনি স্যামসাং কর্তৃপক্ষ। এ ছাড়া কোন প্ল্যান্টে কী তৈরি হচ্ছে, সে বিষয়টিও জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, স্যামসাং কর্তৃপক্ষ অ্যাপলের ফরমায়েশ দেওয়ার ১৪ ন্যানোমিটার ফিনফেট প্রযুক্তির এ৯ চিপসেট উৎপাদন শুরু করে দিয়েছে। এ৯ সিস্টেম-অন-চিপ (এসওসি) তৈরি হচ্ছে স্যামসাংয়ের অস্টিন প্ল্যান্টে। অ্যাপলের অ্যাপ্লিকেশন প্রসেসরের (এপি) শীর্ষ সরবরাহকারী হিসেবে দায়িত্ব পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং।
অবশ্য বেশ কিছুদিন থেকে প্রযুক্তিবিশ্বে খবর রটেছে যে, আইফোন ও আইপ্যাডের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসর তৈরির মূল দায়িত্ব স্যামসাংই নিচ্ছে। এমনকি ২০১৬ সালে অ্যাপলের পণ্যের জন্য ৮০ শতাংশ প্রসেসর তৈরির কাজও স্যামসাং বাগিয়ে নিয়েছে। বাকি ২০ শতাংশ তৈরি করবে তাইওয়ানের টিএসএমসি।
আরও পড়ুন: বন্ধু না শত্রু, অ্যাপল-স্যামসাংয়ের কোন সম্পর্কটি জিতবে? (ভিডিও)
(http://archive.prothom-alo.com/detail/date/2012-08-27/news/284307)
সম্প্রতি চীনের অ্যাপল পণ্যের সাপ্লাই চেন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চার ইঞ্চি মাপের আইফোন বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। আগামী বছরের মাঝামাঝি আইফোনটি বাজারে আসতে পারে। নারী স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে নতুন আইফোন তৈরি করছে অ্যাপল।