সবচেয়ে 'আবেদনময়' টিভি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজুমার ইলেকট্রনিক শো (সিইএস) উপলক্ষে নতুন একটি টেলিভিশন উন্মুক্ত করছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি টাইজেন অপারেটিং সিস্টেম-চালিত এই টিভি হচ্ছে ‘সর্বকালের সেরা’ আবেদনময় টিভি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, নতুন এই টিভি হচ্ছে বাঁকানো আর ফোর-কে প্রযুক্তির। এ বছর নতুন প্রযুক্তিপণ্য নিয়ে প্রচার বাড়াতে কোনো রকম ফাঁকফোকর রাখেনি স্যামসাং। তাই নতুন এই টিভিটির বিপণন কৌশল হিসেবে ‘সেক্স ফ্যাক্টর’ দিকটিই বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।
ইতিমধ্যে স্যামসাং কর্তৃপক্ষ তাদের ভবিষ্যতের সব স্মার্ট টিভিতে টাইজেন অপারেটিং সিস্টেম যুক্ত করার কথা জানিয়েছে। অবশ্য নতুন টিভির অন্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের সিইএস।