সবচেয়ে কমদামি ট্যাবলেট উদ্ভাবনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান দাবি করছে যে তারা তারবিহীন ইন্টারনেটে প্রবেশের জন্য বিশ্বের সবচেয়ে কমদামি ট্যাবলেট কম্পিউটার উদ্ভাবন করছে। ডেটাওয়াইন্ড লিমিটেড নামের ওই প্রযুক্তি প্রতিষ্ঠান জানায়, অনুন্নত দেশের শিক্ষার্থীরা যাতে ইন্টারনেটে প্রবেশ করতে পারে, সে জন্য এই কম দামের ট্যাবলেট তারা তৈরি করেছে। একটি ট্যাবলেটের দাম পড়বে মাত্র ৩৫ মার্কিন ডলার। আগামী অক্টোবর মাসে এই ট্যাবলেটের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ডেটাওয়াইন্ড চলতি মাসে তার আকাশ নামে আরেকটি ট্যাবলেট কম্পিউটারের হালনাগাদ সংস্করণ বাজারে ছেড়েছে। এই ট্যাবলেট কম্পিউটারের দাম রাখা হয়েছে ৫০ ডলার। গত শরতে আকাশ ট্যাবলেট প্রথম ব্যবহারকারীদের কাছে পৌঁছায়। ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় একটি তথ্যপ্রযুক্তি কর্মসূচির আওতায় এটি ভারতীয় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। ডেটাওয়াইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীত সিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গ্রাহকেরা প্রতিদিনই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রতিদিন গড়ে আমরা ৩০ হাজার আকাশ ট্যাবলেটের ফরমাশ পাই। এরই মধ্যে ৩০ লাখ ফরমাশ পেয়েছি। সুনীত সিং বলেন, নব্বইয়ের দশকের শেষ দিকে ৭৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করত। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। এই সংখ্যা দিন দিন বাড়ছে। তাই সবার চাহিদার কথা মাথায় রেখে আমরা কম মূল্যের ট্যাবলেট কম্পিউটার তৈরি করছি। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান