
মহাকাশে ‘এ পর্যন্ত সবচেয়ে দূরবর্তী’ ছায়াপথের ছবি তুলেছে মহাকাশে স্থাপিত অতি শক্তিশালী দূরবীক্ষণযন্ত্র (হাবল স্পেস টেলিস্কোপ)। ‘অ্যাবেল টুসেভেনডাবলফোর’ নামের এক গুচ্ছ নক্ষত্রের সমন্বয়ে তৈরি ওই ছায়াপথের দৃশ্যটি এক হাজার ২০০ কোটি বছর আগের হলেও পৃথিবীর উৎপত্তিকালীন মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) চেয়ে খুব বেশি আগের নয়।
দূরত্বের কারণেই এ ছবি মানুষের দৃষ্টিসীমায় পৌঁছাতে এত দীর্ঘ সময় নেয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) স্পিৎজার টেলিস্কোপ এবং চন্দ্র এক্স-রে অবজারভেটরির পর্যবেক্ষণের মাধ্যমে ছায়াপথটি নিয়ে এখন গবেষণা চলবে। এতে কৃষ্ণগহ্বরের রহস্য উদ্ঘাটনের সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্প্রতি অনুষ্ঠিত হয় আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২২৩তম সম্মেলন। এতে ওই দূর ছায়াপথের ছবিটি প্রদর্শন করা হয়। আর এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে জ্যোর্তিবিদ্যাবিষয়ক প্রকাশনামাধ্যম ‘আরভিক্স প্রিপ্রিন্ট সার্ভার’।
উৎপত্তির বৈচিত্র্যময় ইতিহাস ছাড়াও ‘অ্যাবেল টুসেভেনডাবলফোর’ অনেকটা অদ্ভুত ও রহস্যময় বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞানীদের কাছে বিশেষ আকর্ষণীয়। মাত্রাতিরিক্ত মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এটা অনেকটা প্রতিসরণকারী লেন্সের আদলে কাজ করে। ফলে আশপাশের অন্য নক্ষত্রপুঞ্জ থেকে উৎসারিত আলো উজ্জ্বলতর হয়। তাই ছায়াপথটিকে দেখতে গেলে আশপাশের আরও প্রায় তিন হাজার নক্ষত্র নজরে পড়ে।
গবেষকেরা এবার প্রথমবারের মতো শুরু করেছেন ঔজ্জ্বল্যের ওপর ভিত্তি করে অ্যাবেলের মাধ্যাকর্ষণ নিয়ে গবেষণা। যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক গার্থ ইলিংওয়ার্থ বলেন, ছায়াপথটি এখন উৎপত্তির দিকের তুলনায় বেশ বিস্তৃত হলেও পৃথিবীর নিকটবর্তী ছায়াপথের চেয়ে এটির আকার মাত্র ১ শতাংশ। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (এখনো নির্মাণাধীন) ব্যবহার করে মহাকাশের সেই সব অংশের ছবি তোলা সম্ভব হবে, যেখানে হাবল এখনো পৌঁছাতে পারেনি। বিবিসি।