সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার তিয়ানহে-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার হিসেবে নির্বাচিত হয়েছে তিয়ানহে-২ সুপারকম্পিউটার। চীনের তৈরি তিয়ানহে-১ সুপারকম্পিউটারের উত্তরসূরি হিসেবে তৈরি হয়েছে তিয়ানহে-২। এর আগে ২০১০ সালে তিয়ানহে-১ ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার। চলতি বছর আবারও সুপারকম্পিউটার হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে তিয়ানহে-২। নতুন এ সুপারকম্পিউটারটি তৈরি করেছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা। যুক্তরাষ্ট্রের তৈরি দ্রুতগতির সুপারকম্পিউটার টাইটানকে পেছনে ফেলে শীর্ষে আসা তিয়ানহে-২ টাইটানের চেয়ে গতির দিক দিয়ে দ্বিগুণ। এটি সেকেন্ডে ৩৩ দশমিক ৮৬ পেটাফ্লপ গতিতে কাজ করতে পারে। টাইটানের ক্ষমতা ছিল প্রতি সেকেন্ডে ১৭ দশমিক ৫৯ পেটাফ্লপ। সম্প্রতি টেনেসি বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যাক ডংগারার করা তালিকা অনুযায়ী দ্রুতগতির ১০ সুপারকম্পিউটার হচ্ছে চীনের তিয়ানহে-২, যুক্তরাষ্ট্রের টাইটান, সেকুইয়া, জাপানের কে কম্পিউটার, যুক্তরাষ্ট্রের মিরা, স্ট্যামপিডি, জার্মানির জুকুইন, যুক্তরাষ্ট্রের ভুলকান, জার্মানির সুপারমুক এবং চীনের তিয়ানহে-১এ। সেকেন্ডে এক হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসাব করার ক্ষমতাসম্পন্ন পেটাফ্লপ গতির সুপারকম্পিউটারগুলোর এ তালিকা করা হয়। মেট্রিক পদ্ধতিতে শত কোটিকে বলা হয় এক বিলিয়ন। এক হাজার বিলিয়নকে বলা হয় এক ট্রিলিয়ন এবং এক হাজার ট্রিলিয়নকে বলা হয় এক পেটা। সাধারণত জটিল গাণিতিক হিসাবের কাজে সুপারকম্পিউটার ব্যবহার করা হয়। —বিবিসি অবলম্বনে কাজী আলম