সবচেয়ে নিরাপদ মেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ মেইল তৈরি করছে ইয়াহু ও গুগল
নিরাপদ মেইল তৈরি করছে ইয়াহু ও গুগল

গুগল ও ইয়াহু মিলে সবচেয়ে নিরাপদ মেইল-পদ্ধতি তৈরিতে কাজ করতে সম্মত হয়েছে। আগামী বছর থেকে এ কাজ শুরু হবে। ইয়াহুর দাবি, গুগলের সঙ্গে মিলে তারা আগামী বছর এমন একটি মেইল-পদ্ধতি তৈরি করবে, যাতে কোনো হ্যাকার বা কোনো গোয়েন্দার পক্ষে নজরদারি করা সম্ভব হবে না। এই মেইল হবে নিরাপদ। আজ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সরকারি গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহারকারীদের মেইলে নজরদারি করছে বলে সাম্প্রতিক সময়ে মেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সমালোচনার মুখে পড়েছে। হ্যাকিং ও নজরদারি ঠেকাতে তাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একজোট হয়ে গোয়েন্দা ও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে উঠেপড়ে লেগেছে। প্রতিদ্বন্দ্বী ইয়াহু ও গুগলের জোট তারই একটি নমুনা। মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর থেকে মেইলের নিরাপত্তার বিষয়টি প্রযুক্তি বিশ্বে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্নোডেনের তথ্য ফাঁস হওয়ার পর থেকে গুগল, মাইক্রোসফট ও ফেসবুকও তাদের ব্যবহারকারীদের নজরদারির হাত থেকে রক্ষার জন্য সচেতন হয়েছে। এই তিনটি প্রতিষ্ঠান মিলে ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষায় বিশেষ এনক্রিপশন প্রযুক্তি যুক্ত করেছে। ইয়াহুও ব্যবহারকারীদের সুরক্ষায় বিশেষ পদ্ধতি গ্রহণ করেছে।


সম্প্রতি গুগল কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষার ওয়েবসাইট মালিকদের বিশেষ এনক্রিপশন পদ্ধতি গ্রহণ করতে বলেছে। যেসব ওয়েবসাইট এনক্রিপশন সুবিধা রাখবে, গুগল তাদের বিশেষ পুরস্কারও দেবে। গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে হলে ব্যবহারকারীদের সুরক্ষায় বিশেষ এনক্রিপশন সুবিধা থাকতে হবে ওয়েবসাইটে।