সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মার্কিন সিইও ইলন মাস্ক
ইলন মাস্ককে অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা হিংসা করতেই পারেন। তবে তাঁর তারকাখ্যাতির জন্য নয়। বরং টেসলার সিইও হিসেবে পাওয়া বার্ষিক পারিশ্রমিকের জন্য।
২০২০ সালে গাড়ি তৈরির প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৬৭০ কোটি ডলার পেয়েছেন ইলন মাস্ক। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মার্কিন সিইওদের তালিকার তিনি এখন এক নম্বরে। তালিকার পরের সিইওর চেয়ে পরিমাণটা ১১ গুণ বেশি।
ইলন মাস্কের এই পারিশ্রমিক কিন্তু তাঁর বেতন কিংবা নগদ বোনাস নয়। এর বেশির ভাগ জুড়েই রয়েছে ‘স্টক অপশন’। অর্থাৎ পূর্ব নির্ধারিত দামে টেসলার শেয়ার কেনার সুযোগ পাবেন তিনি।
ইলন মাস্কের সঙ্গে টেসলার সর্বশেষ চুক্তি হয় ২০১৮ সালে। সেখানে বলা হয়েছে, তিনি একটা করে লক্ষ্য পূরণ করবেন আর নানা ধরনের সুযোগ-সুবিধা যুক্ত হবে তাঁর ঝুলিতে। এসব মাইলফলক নির্ধারিত হয় আয়, শেয়ারমূল্য এবং প্রতিষ্ঠানের পারফরম্যান্সের অন্যান্য মাপকাঠিতে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারদর ২০২০ সালে ৭৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পেলেন তিনি। আর তাতেই ব্লুমবার্গের বার্ষিক পে ইনডেক্সের চূড়ায় উঠে গেলেন।
প্রতিষ্ঠানের পারফরম্যান্সের ওপর নির্ভর করে, এমন বড় অঙ্কের পারিশ্রমিকের প্যাকেজগুলোকে বলা হয় ‘মুনশট প্যাকেজ’। এতে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নির্বাহী ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।
গত বছর নানা প্রতিষ্ঠানের অন্তত ১৫ প্রধান নির্বাহী কর্মকর্তা ১০ কোটি বা তার চেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন।
টেসলা থেকে এ পর্যন্ত কাগজ-কলমে মোট ৩ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের পারিশ্রমিক পেয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গের বার্ষিক পে ইনডেক্সে তিন বছর ধরেই শীর্ষে আছেন তিনি।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন ওক স্ট্রিট হেলথের সিইও মাইক পাইকজ। ২০২০ সালে প্রতিষ্ঠানটি থেকে তিনি পেয়েছেন মোট ৫৬ কোটি ৮০ লাখ ডলার মূল্যের নানা সুযোগ-সুবিধা।
দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকার শীর্ষ দশের সব সিইওই পুরুষ এবং বেশির ভাগই শ্বেতাঙ্গ। আর শীর্ষ ১০০ সিইওর কেবল পাঁচজন নারী।
ইলন মাস্কের আকাশচুম্বী পারিশ্রমিকে আরেকটি বিষয় প্রকট হয়েছে। আর তা হলো, নির্বাহী এবং সাধারণ কর্মীদের মধ্যে পারিশ্রমিকের পার্থক্য।