সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 'আইফোন ৬ এস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৬ এস
আইফোন ৬ এস

এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এ তিন মাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপলের আইফোন ৬ এস। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস এ তথ্য প্রকাশ করেছে। বিশ্বজুড়ে যে তিনটি স্মার্টফোনের মডেল বেশি বাজারজাত হচ্ছে তার মধ্যে অ্যাপলেরই দুটি।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের পরিচালক লিন্ডা সুই বলেন, বিশ্বজুড়ে মোট স্মার্টফোনের বাজার ১ শতাংশ বেড়েছে। ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট স্মার্টফোন বাজারে এসেছিল ৩৩ কোটি ৮০ লাখ ইউনিট। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে এসেছে ৩৪ কোটি ১০ লাখ ইউনিট। বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজার ধীর গতির পেছনে রয়েছে বৈশ্বিক আর্থিক অস্থিরতা, উদ্ভাবনের নতুনত্বের অভাব প্রভৃতি।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মাউসটন বলেন, ‘আমরা ধারণা করছি, বছরের দ্বিতীয় প্রান্তিকে এক কোটি ৪২ লাখ ইউনিট আইফোন ৬ এস বাজারে এসেছে যা বিশ্বজুড়ে যত স্মার্টফোন বাজারে এসেছে তার ৪ শতাংশ।

বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনের তকমাও পেয়েছে আইফোন ৬ এস।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের পরিচালক উডি ওহ বলেন, বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোন ৬ বাজারে এসেছে ৮৫ লাখ ইউনিট। বিশ্বজুড়ে এটি বিক্রির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্মার্টফোনের হিসেবে এর বাজার দখল ২ শতাংশ। বাজারে বিক্রির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ এজ। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে এস ৭ এজ ৮৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে।