সবচেয়ে বড় স্মার্টফোন আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং এবার নিয়ে আসছে সবচেয়ে বড় স্মার্টফোন, যা গ্যালাক্সি মেগার নতুন সংস্করণ। নতুনভাবে এর নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি মেগা-২। ফোনটির পর্দার আকৃতি ৭ ইঞ্চি। ধরে নেওয়া যায়, এটি একটি পেনসিলের সমান লম্বা। আগের সংস্করণ থেকে এটি শূন্য দশমিক ৭ ইঞ্চি বড়। যাঁরা স্মার্টফোন এবং ট্যাব দুটোই ব্যবহার করেন, তাঁরা ইচ্ছে করলে শুধু এই ৭ ইঞ্চির গ্যালাক্সি মেগা ব্যবহার করতে পারবেন। ফোনটি স্মার্টফোন এবং ট্যাবলেটের বিকল্প মনে হলেও স্যামসাং থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিষ্কারভাবে বলা যাচ্ছে না আসলে এটি কী।
ফোনটির রয়েছে ৭২০ পিক্সেল রেজুলেশনের পর্দা, ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর (স্ন্যাপড্রাগন ৪০০), ১.৫ গিগাবাইট র্যাম। এ ছাড়া রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৮ গিগাবাইট মেমোরি, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে৷ ফোনটি যুক্তরাষ্ট্র না শুধু এশিয়ায় অবমুক্ত করা হবে, সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। এর মূল্য সম্পর্কে চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি মেগার পূর্বের সংস্করণটির মূল্য ছিল ৪৯৯ ডলার। —ম্যাশেবল, পকেট নাউ অবলম্বনে