
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে অ্যাপল কম্পিউটারের শেয়ারদরের দুর্দশা হবেই বলে একসময় ধারণা করা হয়েছিল। একজন সন্ত্রাসীর আইফোনের তথ্য দেওয়া থেকে শুরু করে অভিবাসন সমস্যা পর্যন্ত ট্রাম্পের সঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের বিবাদ থাকা সত্ত্বেও সবচেয়ে লাভবান হয়েছে অ্যাপল, বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন পূর্ণ হয়েছে গতকাল শনিবার। এই সময়ে অ্যাপল স্টকের জয়কে সবচেয়ে বড় হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ অ্যাপলের শেয়ার ট্রাম্প যেদিন হোয়াইট হাউসে প্রবেশ করেছেন তখন থেকে প্রায় ২০ শতাংশ বেড়েছে। আর গত বছরের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ২৯ শতাংশ।
চলতি বছরের জানুয়ারির শেষের দিকে ট্রাম্প যখন অভিবাসন চুক্তি বাতিল করেছিলেন বিভিন্ন দেশ থেকে, প্রধানত মুসলিম দেশগুলো থেকে, তখন অ্যাপলের শেয়ারের পতন হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় আইফোন ৭ বিক্রির মধ্য দিয়ে। কারণ ওয়াল স্ট্রিট যতটা আশা করেছিল তার চেয়েও বেশি আইফোন ৭ বিক্রি হয়েছে। তাই বিবাদ যতই থাকুক, ট্রাম্প প্রশাসনের আমলে সবচেয়ে লাভবান প্রযুক্তি প্রতিষ্ঠান জায়গাটা অ্যাপলের কপালেই জুটেছে।
মারিফুল হাসান, সূত্র: ফরচুন