সবজান্তা সমীপেষু
কারও বুদ্ধি বেশি, কারও কম, আবার কেউ কেউ একেবারেই নির্বোধ! কেন এমন হয়?
ইর্তেজা রেদওয়ান, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া
* কারণ, সবার বাসায় চোর ঢোকে না এবং পালিয়েও যায় না। চোর পালালে না বুদ্ধি বাড়বে!
হুসেইন মুহম্মদ এরশাদ বড়, নাকি বিল ক্লিনটন বড়?
রাজন দেবনাথ, বড়লেখা, মৌলভীবাজার
* অবশ্যই এরশাদ বড়। কারণ, এরশাদ ক্লিনটনের থেকে সাড়ে ১৬ বছরের বড়।
নদ ও নদীর মধ্যে পার্থক্য কী?
মো. জাকির হোসেন, রাজগঞ্জ, মনিরামপুর, যশোর
* বাংলা সিনেমার নায়িকার নাম নদী হয়, কিন্তু কখনো নদ হয় না!
আমরা গাছেরও খাই, তলারও
কুড়াই কেন?
মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
* তলারটাও গাছের জিনিস বলে।
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কী?
প্রশান্ত মধু, কোটালীপাড়া, হরিণাহাটী, গোপালগঞ্জ
* বেশি বেশি শিশুর জন্ম।
বিয়ের বিজ্ঞাপনে অভিজ্ঞতা চাওয়া হয় না কেন?
পণ্ডিতরণজিৎঠাকুর, জজকোর্ট এলাকা, হবিগঞ্জ
* হাজার অভিজ্ঞতা দিয়েও এ লাইনে সুবিধা করা যাবে, এমন গ্যারান্টি নেই বলে।
আমার মাথায় রস+আলোর জন্য একটি নতুন বিভাগের আইডিয়া এসেছে! বলুন তো কী সেটা?
ফমিন পাংখোয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান
* আপাতত সেটা ‘অপ্রকাশিত রস’।
আপনি সবার প্রশ্নের উত্তর কীভাবে দেন?
মুরশিদা রহমান, চরলক্ষ্মীপুর, রাজবাড়ী
* প্রথমে চিঠির খাম খুলি, তারপর প্রশ্নগুলো পড়ে উত্তর দিই।
সেরা প্রশ্ন
আমরা আনন্দেও কাঁদি কেন?
প্রদীপ কুমার দাশ, জামালখান, চট্টগ্রাম
* আনন্দের পরে দুঃখ আছে বলে আগেভাগে কেঁদে নিই!
অভিনন্দন প্রদীপ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তাসমীপেষু
রস+আলো, প্রথমআলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।