সবজান্তা সমীপেষু
* পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয় না কেন?
মো. জাহিদুল ইসলাম, মিরপুর, ঢাকা
মরণোত্তর সমাবর্তন হবে বলে।
* মোবাইল ফোন কোম্পানিগুলো বন্ধ সিমের ওপর বেশি সুযোগ-সুবিধা দেয় কেন?
এম ইয়াসিন আরাফাত, লোহাগাড়া, চট্টগ্রাম
মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া হয় যে কারণে।
* যে উন্নয়নের জোয়ারে দেশের ফসলি জমি, শহরের রাস্তাঘাট ডুবে যায়, সেই উন্নয়নের মানে কী?
হোসাইন আহমেদ, মোহনগঞ্জ, নেত্রকোনা
জোয়ার শেষে ভাটার টানে সব উন্নয়ন আবার ভেসে চলে যাবে—এটাই হলো মানে।
* ট্রাকের গায়ে ‘সমগ্র বাংলাদেশ পাঁচ টন’ লেখা থাকে কেন?
পিন্টু চন্দ্র সরকার, রামঘাট, কুমিল্লা
ট্রাকমালিকেরা ওজন করে এটাই পেয়েছেন বলে।
* রোগ সংক্রামক কিন্তু সুস্থতা সংক্রামক নয় কেন?
মেনহাজুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর
সুস্থতা তাড়ানোর জন্য আরেক চিকিৎসাবিদ্যার উদ্ভব হতো বলে।
* এখনকার শিশুদের আইকিউ বড়দের তুলনায় বেশি হয় কেন?
লাবিবা তাসনিম, শিবচর, মাদারীপুর
শিশুরা তো সব সময়ই একটু বেশি বোঝে!
* ঘুষ আর ঘুষি, এই দুটোর মধ্যে পার্থক্য কী?
এস এম তৌহিদ ইমাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
ঘুষ খেলে ঘুষি খাওয়ার আশঙ্কা থাকে, ঘুষি খেলে ঘুষ খাওয়ার সম্ভাবনা কম।
সেরা প্রশ্ন
* বাংলাদেশ উত্তম আয়ের দেশ
হলে কী হতো?
অভিষেক, চট্টগ্রাম
দুনিয়ার বাকি দেশগুলো ‘...আমি অধম হইব না কেন?’ বলে সর্বস্বান্ত হয়ে যেত!
অভিনন্দন অভিষেক, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন
রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।