সবজান্তা সমীপেষু
বেশির ভাগ চোখের ডাক্তারের চোখে চশমা থাকে কেন?
সুদীপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
: রোগজীবাণু যাতে ছুটে এসে চোখে ঢুকে পড়তে না পারে।
‘লাভ ম্যারেজ’ আছে, ‘লস ম্যারেজ’ নেই কেন?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
: লাভ ম্যারেজটাই আসলে লস ম্যারেজ, শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই ওটাকে লাভ ম্যারেজ বলা হয়!
আমরা ওয়াসার পানি ফুটিয়ে পান করি কেন?
প্রদীপ কুমার দাশ, জামাল খান, চট্টগ্রাম
: ওয়াসার পানিতে পানির সঙ্গে প্রাণীও থাকে তো, তাই খাওয়ার আগে তাদের সেদ্ধ করে নিতে হয়।
বিয়ের আগে কনেকে বিউটি পারলার থেকে মেকআপ করিয়ে আনা হয় কেন?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
: কনের ওপর যাতে কুনজর না লাগে!
সামনের দিকে তাকালেও ভবিষ্যৎ দেখতে পাই না কেন?
অর্ঘ্য মুৎসুদ্দী, ঢাকা
: লোডশেডিংয়ের কারণে সামনের সবকিছু অন্ধকার থাকে বলে!
রাজনৈতিক ক্ষমতা আর লোডশেডিংয়ের মধ্যে পার্থক্য কী?
এম এস লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
: প্রথমটা কয়েক বছর পরপর বদলায়, কিন্তু দ্বিতীয়টা নিয়ম করে সব সময় অপরিবর্তিত থাকে!
সেরা প্রশ্ন
গ্রামে বেশি লোডশেডিং হয় কেন?
মু. সুজাউদ্দিন, ফটিকছড়ি, চট্টগ্রাম
: গ্রামে ভূতের ভয়ে বিদ্যুৎ বেশিক্ষণ থাকতে সাহস পায় না বলে!
অভিনন্দন সুজাউদ্দিন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথমআলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।