সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের রাজ্যে মশা, নাকি মশার রাজ্যে আমরা বাস করছি?
মেনহাজুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর
* রাজ্য আমাদেরই, তবে শাসক মশারা!

আয়না আর সেলফির মেধ্য পার্থক্য কী?
মুহাম্মদ সুজাউদ্দিন, ফটিকছড়ি, চট্টগ্রাম
* দুটি দেখেই মানুষ নিজের চেহারা ‘এডিট’ করে। তবে প্রথমটায় এডিট করা হয় প্রসাধন দিয়ে আর অন্যটায় ফটোশপ দিয়ে।

স্মার্টফোনে বেশিক্ষণ চার্জ থাকে না কেন?
সুদীপ্ত কুমার নাগ, খুলনা
* আনস্মার্ট মানুষদের অতিরিক্ত সার্ভিস দিতে হয় বলে!

ডিজিটাল বাংলাদেশে বিদ্যুৎ উত্পাদন ভালো হওয়ার পরও ঘন ঘন লোডশেডিং হয় কেন?
মো. সামসুল হক, দোলাপাড়া, রংপুর
* বিদ্যুৎ অফিস আসলে সুইচ বন্ধ করে আলো নিভিয়ে পরীক্ষা করে, কানেকশন ঠিক আছে কি না।

বলুন তো, কোন জিনিসের কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ নেই?
সালেহ বায়েজীদ, মনোহরদী, নরসিংদী
* নির্বাচনী ইশতেহারে থাকা আশ্বাস বাস্তবায়নের।

সেরা প্রশ্ন
পরীক্ষার খাতা ও রাজনীতির মিল কোথায়?
এম এস লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
* সময় শেষ হলে খাতা ও ক্ষমতা—দুটিই ছেড়ে দিতে হয়।

অভিনন্দন এম এস লিটন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।