সবজান্তা সমীপেষু
‘ওয়াইফাই’ ও ‘ওয়াইফ’-এর মাঝে মিল কোথায়?
মাসুম, পল্লবী, ঢাকা
‘ওয়াইফাই’ ও ‘ওয়াইফ’ একই সঙ্গে পরিবারের অনেকের প্রয়োজনে এগিয়ে আসেন।
প্রশ্নপত্র ফাঁস হয় কেন?
সুজা ও সুমি, বিবিরহাট, চট্টগ্রাম
পড়াশোনার চাপে শিশু-কিশোরদের সুকোমল প্রবৃত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য।
মানুষ নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেয় কেন?
সুমিত বড়ুয়া, শুচিয়া, চট্টগ্রাম
মানুষ সামাজিক জীব, তাই অন্যকে কিছু একটা দিয়ে
সামাজিকতা রক্ষা করে।
২৯, ৩০, ৩১ দিনে যদি মাস হতে পারে, তাহলে ১১, ১২, ১৩ মাসে বছর হয় না কেন?
তোফাজ্জল হক, নুরুল্লা, সিলেট
কোনো অফিসই চায় না তাদের কর্মচারীদের মাসে ২৪ বার
বেতন দিতে, তাই...!
টিভির তুলনায় কম্পিউটার অন বা অফ করতে বেশি সময় লাগে কেন?
মো. বাবুল, পাবনা
কম্পিউটারে একই সঙ্গে একটি টিভি ও সিডি প্লেয়ার অন বা অফ করতে হয় বলে।
শীতের দিনে টিউবওয়েল থেকে ঠান্ডা পানি বের না হয়ে গরম পানি বের হয় কেন?
মানিক উল্লাহ, এনায়েতপুর, সিরাজগঞ্জ
প্রচণ্ড শীতে টিউবওয়েলের জ্বর উঠে যায় তো, তাই।
সেরা প্রশ্ন
গোঁফ আর টাকার মধ্যে মিলটা কী, বলেন তো?
রণজিৎ ঠাকুর, জজকোর্ট এলাকা, হবিগঞ্জ
দুটোই কষ্ট করে কামাতে হয়।
অভিনন্দন রণজিৎ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।