সবজান্তা সমীপেষু
আগে কী সুন্দর দিন কাটাইতাম...আর এখন?
ফরিদ আহমেদ, মিরপুর, ঢাকা
* ভবিষ্যতে ওই একই গান গাওয়ার জন্য অসুন্দর দিন কাটাচ্ছি।
সবজান্তা আর সুপারহিরোর মধ্যে পার্থক্য কী?
আবদুল্লাহ আল নোমান, সৈয়দপুর, নীলফামারী
* সবজান্তা সুপারহিরোদের দুর্বলতার কথা জানেন, সবজান্তার কোনো দুর্বলতাই নেই!
সোমবার প্রথম আলো হাতে পাওয়ার পর প্রথমেই রস+আলো খুলি কেন, বলুন তো?
অনন্য দৃষ্টি, ধানমন্ডি, ঢাকা
* সেরা প্রশ্নকারী হয়ে ১০০ টাকার মুঠোফোন রিচার্জ জিতেছেন কি না সেটা দেখতে।
ইন্টারনেটের গতি গ্রামের চেয়ে শহরে বেশি থাকে কেন?
এম জি সারোয়ার, চট্টগ্রাম।
* গ্রামের রাস্তাঘাট শহরের মতো ততটা উন্নত নয় বলে।
জাদুঘর আর মনের ঘরের মধ্য মিল কোথায়?
সুমি, ফটিকছড়ি, চট্টগ্রাম
* দুটিতেই পুরোনো জিনিস জমানো থাকে!
শরীর খারাপ হলে মানুষ ওষুধ খায়, আর নীতি খারাপ হলে?
মো. মানিক উল্লাহ, মাজগ্রাম, সিরাজগঞ্জ
* তখন খাবার তো একটাই—ঘুষ।
টিভির রিমোট কাজ না করলে আমরা রিমোটে চড়-থাবা মারি কেন?
সুদিপ্ত কুমার নাগ, খুলনা
* রিমোটকে ভয় দেখিয়ে কাজ উদ্ধার করে নেওয়ার জন্য।
সেরা প্রশ্ন
লোনাপানি থেকে লবণ পাওয়া গেলেও মিঠাপানি থেকে মিঠাই পাওয়া যায় না কেন?
তুলি, জজকোর্ট, হবিগঞ্জ
* মিঠাপানির মাছ আগেভাগেই সব খেয়ে শেষ করে ফেলে বলে!
অভিনন্দন তুলি, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।