সবজান্তা সমীপেষু
সেলফি কী?
মো. সজিব তালুকদার, সাটুরিয়া, মানিকগঞ্জ
* যেটা ব্যবহারে মানুষের মুখ আপনাআপনি বেঁকে যায়।
বাংলাদেশ যখন পুরোপুরি ডিজিটাল হয়ে উঠবে, তখন কেমন হবে?
মনির হোসেন, মোহাম্মদপুর, ঢাকা
* টিস্যু পেপারও ডিজিটাল হয়ে যাবে।
জন্মদিনের কেকের আশপাশে মোমবাতি জ্বালানো হয় কেন?
সুস্মিত দাশ, জামালখান, চট্টগ্রাম
* অন্ধকারে কেকটা যাতে কেউ চুপিসারে সরিয়ে ফেলতে না পারে, এ জন্য।
ঘড়ি থামানো গেলেও সময়কে কখনো থামানো যায় না কেন?
মো. রেহতামুল হক, সিটি কলেজ মার্কেট, যশোর
* ঘড়ির মতো সময় ব্যাটারি দিয়ে চলে না বলে।
অতিথি পাখি শুধু শীতকালেই আসে কেন?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
* অনেক দূর থেকে উড়ে আসার সময় শরীর ঘেমে না যাওয়ার সুবিধা আছে বলে।
পরীক্ষার ফলে গোল্ডেন জিপিএ ফাইভ দেওয়া হয়, কিন্তু ডায়মন্ড জিপিএ ফাইভ দেওয়া হয় না কেন?
মো. হাবিবুর রহমান, সৈয়দপুর, নীলফামারী
* বিমানবন্দরে অনেক গোল্ড ধরা পড়ে বলে।
অধিকাংশ মানুষ বিছানায় মারা যায়, তারপরও আমরা কেন বিছানায় ঘুমাই?
মো. আতিকুর রহমান, রাজশাহী
* বিছানায় না ঘুমিয়ে মাটিতে ঘুমালে নিউমোনিয়া হয়ে মারা পড়ার ভয়ে।
সেরা প্রশ্ন
সরকারি ডাক্তারদের অনেকেই গ্রামে যেতে চান না কেন?
মো. মনিরুল ইসলাম, ঈশ্বরদী, পাবনা
* গ্রামে গিয়ে ডাক্তাররা নিজেরাই রোগ বাঁধিয়ে বসলে চিকিৎসা করানোর জন্য কোনো ডাক্তার পাবেন না, এই ভয়ে।
অভিনন্দন মনিরুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।