সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ আর গাধার মধ্যে পার্থক্য কী?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
* অনেক মানুষকে গাধা বলে ডাকা হলেও গাধাকে কখনো মানুষ বলে ডাকা হয় না।

আগে বলা হতো, ‘পৌঁছে চিঠি দিস’, আর এখন?
স্বাধীন, স্যার ইকবাল রোড, খুলনা
* কিছু বলতে হয় না।

মানুষ প্রেমে হাবুডুবু খায় কেন?
পণ্ডিত রণজিৎ ঠাকুর, জজকোর্ট, হবিগঞ্জ
* ছ্যাঁকা খাওয়ার চেয়ে এটা উত্তম বলে।

দিনে চাঁদ আর রাতে সূর্য ওঠে না কেন?
মারুফ খান, সিঙ্গাইর, মানিকগঞ্জ
* এরা একে অপরের মুখ দেখতে চায় না বলে।

রেলগাড়ি চললে ঘরবাড়ি, গাছপালা, খাল-বিল পেছনে দৌড়ায় কেন?
সুস্মিত দাশ, জামালখান, চট্টগ্রাম
* রেলগাড়িকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য।

বাংলা সিনেমায় সবার শেষে পুলিশ আসে কেন?
সুদীপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
* সিনেমার বাইরে বাস্তব জীবনে তাঁদের অনেক ব্যস্ত থাকতে হয় বলে।

সবজান্তা আর সম্পূর্ণ অজ্ঞের মধ্যে পার্থক্য কতটুকু?
আজম খান, সাভার, ঢাকা
* উত্তরদাতা আর প্রশ্নকর্তার মধ্যে পার্থক্য যতটুকু।

রাজনীতিবিদ আর শিক্ষকের মধ্যে মিল কী?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
* উভয়ের ব্যর্থতা জাতির জন্য অভিশাপ বয়ে আনে।

বয়েজ কলেজ আর গার্লস কলেজের পার্থক্য কী?
মো. সজীব তালুকদার, সাটুরিয়া, মানিকগঞ্জ
* কোনো পার্থক্য নেই। তবে ছেলেরা কখনো গার্লস কলেজে ক্লাস করে না, মেয়েরা যেমনটা ক্লাস করে না বয়েজ কলেজে।

সেরা প্রশ্ন
আমি বিল গেটসের ছেলে হলে কী করতাম?
হাসিব আহমদ খান, কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া
* মাত্র ১০০ টাকার মুঠোফোন রিচার্জের আশায় সবজান্তার কাছে প্রশ্ন পাঠাতেন না।

অভিনন্দন হাসিব, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।