সবজান্তা সমীপেষু
বিজ্ঞাপন ও নাটকের মধ্যে পার্থক্য কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
* নাটকের মধ্যে বিজ্ঞাপন বিরতি থাকে, বিজ্ঞাপনের মধ্যে নাটকের বিরতি থাকে না।
অধিকাংশ তারকার সাক্ষাৎকারে ‘রেগে গেলে কী করেন’-টাইপ প্রশ্নটি করা হয় কেন?
মিশকাত আবীর, টমছম ব্রিজ, কুমিল্লা
* সাক্ষাৎকারের সময় ওই তারকা রেগে আছেন কি না,
তা বোঝার জন্য।
মাধ্যাকর্ষণ বল ওপরের দিকে কাজ করলে কী হতো?
নাঈমুর রহমান, কুড়িগ্রাম
* তাহলে আপেলটা নিচে পড়ত না, নিউটনই আপেলের দিকে ছুটে যেতেন। এবং আপেলই হতো মাধ্যাকর্ষণ সূত্রের জনক।
আমি আপনার মতো সবজান্তা হতে পারব কীভাবে?
সজিব তালুকদার, সাটুরিয়া, মানিকগঞ্জ
* আপনি দেখছি এটাই জানেন না! সবজান্তা হবেন কেমন করে?
এবার পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে কেন?
মাহফুজুর রহমান, মেলান্দহ, জামালপুর
* না হলে প্রতীকগুলোয় মরিচা ধরবে বলে (বিশেষ করে বিরোধী দলের)।
রাজনীতি ও শিক্ষার মধ্যে মিল কী?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
* শিক্ষা নিয়ে অনেকে রাজনীতি করে, আবার রাজনীতি নিয়েও অনেকে পড়াশোনা করে।
‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’—কথাটি অফিসের বস বুঝতে চান না কেন?
প্রদীপ কুমার দাশ, জামালখান, চট্টগ্রাম
* কারণ, আপনি যানজটে সময়টা শেষ করে জীবনটা নিয়ে অফিসে ঢোকেন, তাই।
সেরা প্রশ্ন
নির্বাচনে মোরগ প্রতীক থাকলেও শিয়াল প্রতীক থাকে না কেন?
সুস্মিতা চক্রবর্তী, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা
* যাতে কোনো চালাকির সুযোগ না থাকে।
অভিনন্দন সুস্মিতা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।