সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের লোকজন অনেক সময় গ্রামের লোকজনকে বোকা ভাবে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
পাঙ্গাশী চাঁদপাড়া, সিরাজগঞ্জ
 শহরের অধিকাংশ লোকই গ্রাম থেকে এসেছে বলে!

আগুনে সবকিছু পুড়ে গেলেও হাঁড়ি-পাতিল পোড়ে না কেন?
সুস্মিত দাশ
কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
 হাঁড়ি-পাতিল সব সময় গা বাঁচিয়ে চলে বলে।

ঘাস ও ঘুষের মধ্যে পার্থক্য কী?
করুণাময় চক্রবর্তী
জজকোর্ট, হবিগঞ্জ
 ঘাস খোলা মাঠে খাওয়া গেলেও ঘুষ সব সময় টেবিলের নিচ দিয়ে খেতে হয়!

সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে, আর বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণকে?
এস এম ফজলে এলাহী
ফটিকছড়ি, চট্টগ্রাম
 স্মার্টনেস!

কী প্রশ্ন করলে আমি এ সপ্তাহের ১০০ টাকা পুরস্কার পেতাম?
মো. রিয়া হায়দার
চট্টগ্রাম
 এ সপ্তাহের সেরা প্রশ্নটি করলে!

কান টানলে মাথা আসে, ভাত ছিটালে কাক আসে আর প্রথম আলো কিনলে...?
সুস্মিতা চক্রবর্তী
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা
 ফ্রি ফ্রি বিজ্ঞাপন দেখা যায়।

সব খেলায় এক দল জয়ী হয় আর অন্য দল পরাজিত হয়, কিন্তু রাজনীতির খেলায়?
নজরুল ইসলাম
শাহীবাগ, শ্রীমঙ্গল
 আজকাল বিরোধী দলই তো পাওয়া যায় না!

সেরা প্রশ্ন
আমজনতা আছে, কাঁঠালজনতা নেই কেন?
তিশা, রাজশাহী
 আমজনতার মাথায় সহজেই কাঁঠাল ভেঙে খাওয়া যায়, কিন্তু কাঁঠালজনতার মাথায় কাঁঠাল ভাঙা যাবে না বলে।
অভিনন্দন তিশা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।