সবজান্তা সমীপেষু
ভালোবাসা আর ভালো ভাষার মধ্যে মিল কোথায়?
করুণাময় চক্রবর্তী, জজ কোর্ট, হবিগঞ্জ
ঠিকমতো যত্ন না করলে দুটোই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে!
আমরা শিক্ষিত হই কেন?
বিভাস সৌবীর, রংপুর নার্সিং কলেজ, রংপুর
ঘুষ দেওয়ার সময় কেউ যাতে ঠকিয়ে না যেতে পারে এ জন্য!
চিনি ও লবণের মধ্য পার্থক্য কতটুকু?
ইব্রাহীম, মাস্টার কোয়ার্টার, হবিগঞ্জ
মিষ্টি ও নোনতার মাঝে যতটুকু পার্থক্য ঠিক ততটুকু!
মাধ্যাকর্ষণ শক্তি বিপরীত হলে কী হতো?
মো. আশরাফুল ইসলাম, নাখালপাড়া, ঢাকা
আপেল গাছ থেকে না পড়ে নিউটনই আপেলের কাছে পৌঁছে যেতেন। এবং বিজ্ঞানী হিসেবে সুনাম কুড়াত সেই আপেল!
বীজগণিত আছে, ফলগণিত নেই কেন?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
গণিতের সমাপ্তিতে ফল বের হলেও বীজ বের হয় না বলে।
ক্ষমা মহত্ত্বের লক্ষণ আর ক্ষমতা?
আনন্দ, দ্য বার্ডস স্কুল, শ্রীমঙ্গল
অপরাধ করেও খুব সহজেই ক্ষমা পাওয়ার মোক্ষম অস্ত্র।
ফেসবুক আর ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য কী?
মোহাম্মাদ নাঈমুর রহমান, হিঙ্গনরায়, কুড়িগ্রাম
ফেসবুকের প্রোফাইল পিকচার বারবার বদলানো গেলেও ভোটার আইডির ছবি বদলানো যায় না।
অপরাধীদের ধরতে আসার সময় পুলিশ সাইরেন বাজাতে বাজাতে আসে কেন?
মো. নাঈম সরকার, বগুড়া
সাধারণ মানুষ যাতে সহজেই বুঝতে পারে যে কারা অপরাধী আর কারা পুলিশ!
সেরা প্রশ্ন
বইয়ের চেয়ে আমরা ফেসবুক বেশি পড়ি কেন?
খায়রুল ইসলাম, কুশমাইল, নওগাঁ
কারণ, ফেসবুক থেকে কেউ পড়া ধরে না।
অভিনন্দন খায়রুল, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।