সবজান্তা সমীপেষু
আগে ওপরে তাকালে আকাশ দেখা যেত, আর এখন?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
* আকাশই দেখা যায়, তবে এত রোদ থাকে যে চোখে ধাঁধা লেগে যায় এবং চোখে সরষে ফুল ছাড়া আর কিছু দেখার উপায় থাকে না!
বিটিভির খবর কেউ দেখতে চাই না কেন?
সুস্মিতা চক্রবর্তী, মিরপুর, ঢাকা
* এত বেশি সুখ-শান্তি আমাদের সহ্য হয় না বলে।
আমি লোভী কি না, সেটা বুঝব কীভাবে?
হিমু চন্দ্র শীল, কৈয়ারবিল, কক্সবাজার
* টেবিলের ওপর দিয়ে নয়, নিচ দিয়ে লেনদেনের অভ্যাস থাকলে বুঝবেন আপনি লোভী।
সারা বিশ্বে কমবেশি পাচার কেলেঙ্কারি থাকলেও ‘বিশ্ব পাচার দিবস নেই’ কেন?
আবদুল্লাহ ফাহাবী, মৌলভীপাড়া, চট্টগ্রাম
* বিশ্ব পাচার দিবস ছিল, তবে সেটাই অন্য কোনো গ্রহে পাচার হয়ে গেছে!
নিউটনের মাথায় আপেল না পড়ে তাল পড়লে কী হতো?
ফাতিমা আক্তার, তারাকান্দা, ময়মনসিংহ
* স্টিভ জবস তাঁর প্রতিষ্ঠানের নাম Apple না রেখে Palm রাখতেন।
মানুষ বিয়ে করা বন্ধ করে দিলে কী হবে?
আনন্দ, শাহীবাগ, শ্রীমঙ্গল
* ব্যাচেলরদের বাসা ভাড়া পেতে আর কোনো অসুবিধাই হবে না।
সেরা প্রশ্ন
মশাদের জন্য আলাদা দেশ থাকলে কী হতো?
মো. রোকন-উজ-জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
* মশাদের ওই ‘প্যানপ্যান’টাই হতো তাদের জাতীয় সংগীত।
অভিনন্দন রোকন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।