সবজান্তা সমীপেষু
আমরা নিজের ফেসবুক স্ট্যাটাসে নিজেরা লাইক দিই না কোন কারণে?
শামীম রেজা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
নিজেকে নিজে মুগ্ধ করে লাভ নেই বলে।
রুমের চারদিকে মশা আর মশা, এখন আমি কী করি?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
রুমটিকে মশাদের অভয়ারণ্য ঘোষণা করে টিকিটের বিনিময়ে সবাইকে মশা দেখার সুযোগ করে দিন!
শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আর বড়রা?
মো. মোকাদ্দেস হোসাইন, গ্রামপাঙ্গাসী, সিরাজগঞ্জ
ভবিষ্যতের ইতিহাস।
মানুষ ও বানরের মধ্যে পার্থক্য কী?
জারীন ও মালিহা, খুলনা
মানুষ ঝোলে লোকাল বাসে, আর বানর ঝোলে গাছের ডালে।
পানি কাটা যায় কীভাবে?
হিমু চন্দ্র শীল, চকরিয়া, কক্সবাজার
প্রথমে কাগজে ‘পানি’ লিখুন, তারপর কাঁচি দিয়ে কেটে ফেলুন।
হাতের পাঁচটি আঙুল সমান হয় না কেন?
মো. সুমন আকন্দ, রংপুর
প্রতিটা আঙুল আলাদাভাবে চিনতে যাতে সমস্যা না হয় এ জন্য।
সেরা প্রশ্ন
গত মাসে সিম রি-রেজিস্ট্রেশন করলে ইন্টারনেট ডেটা উপহার দিত। এ মাসে রি-রেজিস্ট্রেশন করলে ১০ লাখ টাকা আর স্মার্ট ফোন দিচ্ছে, তাহলে আগামী মাসে কী দেবে?
সুজন শেখ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা
প্রিয় গ্রাহক, আপনার সিমটি
রি-রেজিস্ট্রেশন না করলে আজই নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে...
অভিনন্দন সুজন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।