সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্য কী?
মুহাম্মদ নাঈমুর রহমান, হিঙ্গনরায়, কুড়িগ্রাম
* মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করার পরও দিব্যি সেটা দিয়ে কথা বলা।

বিদ্যুৎ যেতে দেরি করে না কিন্তু আসতে দেরি করে কেন?
হাসান, খানখানপুর, রাজবাড়ী
* বিদ্যুৎ যে দারুণ প্রতিভাবান, এটা নিশ্চয়ই জানেন। তো প্রতিভাবানেরা এক-আধটু ভুলোমনা হন বৈকি!

আপেল আর কমলার মধ্য পার্থক্য কী?
জহীরুল, আগ্রাপাড়া, চট্টগ্রাম
* আপেলে কামড় দিলে একটা বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো হয়ে যায়, কমলার বেলায় তা হয় না।

এখন হরতাল না থাকায় কাদের অসুবিধা হচ্ছে?
ফারহানা সাদিকা, গাইবান্ধা
* ককটেল-পেট্রলবোমার ডিলারদের।

জরুরি জিনিস খুঁজে পেতে এত দেরি হয় কেন?
শুভ, ফটিকছড়ি, চট্টগ্রাম
* জিনিসটা নিজেও জানে যে সে জরুরি, এ কারণে একটু ভাব নিয়ে লুকিয়ে থাকে!

টিকটিকি ‘টিক টিক’ শব্দ করে কেন?
মো. সুমন আকন্দ, পীরগাছা, রংপুর
* টিকটিকি চাইলেই ‘ম্যাঁ ম্যাঁ’ শব্দ করতে পারে না বলে!

দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে, আর দুটি রাজনৈতিক দলের মিলনকে?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
* সেটাকেও একপ্রকার সন্ধি বলে, তবে সেটা হলো দুরভিসন্ধি!

সেরা প্রশ্ন
একটা শিয়াল ডাকলে সব শিয়াল একসঙ্গে ডাকতে শুরু করে কেন?
মানসী, চিড়াকান্দি, হবিগঞ্জ
* শিয়ালেরা আসলে অনেক আগে থেকেই গ্রুপ চ্যাট করে, এ জন্য!

অভিনন্দন মানসী, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।