সবজান্তা সমীপেষু
ইট মারলে পাটকেলটি খেতে হয় কেন?
মোহাম্মদ সাইদ
যাত্রাবাড়ী, ঢাকা
l ‘প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’—এই সূত্রের যথার্থতা অটুট রাখার জন্য।
লোহার টুকরা পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ পানিতে ভেসে থাকে কেন?
নাঈম সরকার
কৈডালা, নাটোর
l জাহাজের লোহায় ভেজাল থাকে বলে।
ছেলেদের ঘর মেয়েদের ঘরের তুলনায় অগোছালো হয় কেন?
শামীম রেজা
বেড়া, পাবনা
l কারণ, তারা ‘মা-নির্ভরশীল’ বলে!
সবাই বলে বিদ্যুৎ চলে যায়, কিন্তু তারা আসলে কোথায় যায়?
আনন্দ
বি বাডস স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল
নিশ্চয়ই তাদের স্কুলে। পরে বিরক্ত হয়ে আবার ফিরেও আসে।
মানুষের সঙ্গে মশার কিসের সম্পর্ক?
রণজিৎ ঠাকুর
জজকোর্ট, হবিগঞ্জ
l শ্রোতা আর গায়কের!
গরম খবর কিছুদিন পর নিচে চাপা পড়ে কেন?
মু. সুজাউদ্দীন
ফটিকছড়ি, চট্টগ্রাম
l গরম খবর যাতে বৈশ্বিক উষ্ণতা আরও বাড়িয়ে না দিতে পারে, এ জন্য!
সেরা প্রশ্ন
চোখে চশমা থাকার পরেও অনেকেই চশমার ওপর দিয়ে দেখে কেন?
সুস্মিত দাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
l চোখ বেশি খারাপ থাকে বলে চোখের সামনের চশমা দেখতে না পেয়ে ওপর দিয়ে দেখে।
অভিনন্দন সুস্মিত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।