সবজান্তা সমীপেষু
মানুষ হাসে কেন?
অংকিতা পান্ডে, খুলনা
আপনার প্রশ্নের ধরন দেখে।
কোনটা আগে—দিন নাকি রাত?
অপু, নগরবাড়ী, পাবনা
দুইটার একটাও না, সবার আগে ভোর।
প্রেমে পড়লে ওঠার উপায় কী?
মো. হাবিবুর রহমান, সবুজবাগ, ঢাকা
প্রেমিক-প্রেমিকার সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই।
আলেক্সান্ডার গ্রাহাম বেলের জন্ম না হলে কী হতো?
সাইফান আবরার, রূপাতলী, বরিশাল
দুই নেত্রী টেলিফোনে ঝগড়া না করে মুখোমুখি ঝগড়া করতেন।
ভয় পেলে মানুষ চিৎকার করে কেন?
মো. সাইফুর রহমান, বন্দরটিলা, চট্টগ্রাম
যেকোনো পাওয়াই আনন্দের। তো ভয় পেলে মানুষ আনন্দে আত্মহারা হয়ে
চিৎকার করবে না, বলেন?
সেরা প্রশ্ন
পানির অপর নাম জীবন হলেও অক্সিজেনের অপর নাম জীবন হলো না কেন?
ইমাম হোসেন, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
পানির মধ্যে কবি কবি ভাব আছে, তাই ছদ্মনাম হিসেবে ‘জীবন’ বেছে নিয়েছে। অক্সিজেন কাঠখোট্টা, ছদ্মনাম নেয়নি।
অভিনন্দন ইমাম হোসেন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।