বিরাম চিহ্ন অংশ-১
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুর্নলিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
১.
বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমোর কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিসে আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ ভাবো তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে।
উত্তর: বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিসে-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে?
২.
এই যে এত কথা বলছি তার একটাই উদ্দেশ্য তা হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে চাকমা গারো সাঁওতাল ত্রিপুরা মুরং তঞ্চঙ্গ্যা ইত্যাদি এদের ভাষা এদের নিজেদের দৈনন্দিন জীবনযাপন আনন্দ উৎসব তাদের নিজেদের একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব।
উত্তর: এই যে এত কথা বলছি, তার একটাই উদ্দেশ্য। তা হলো—বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে—চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যা ইত্যাদি। এদের ভাষা এদের নিজেদের। দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উৎসব তাদের নিজেদের। একই দেশ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর