সবাই যদি আলোকচিত্রী, ছবি দেখছে কে!
১৮৮৮ সালের দিকে কাউকে ক্যামেরায় ছবি তুলতে দেখলে ইট মেরে তা ভেঙে ফেলা হতো। এমনটি ঘটেছিল কোডাক প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যানের বেলায়। নিউইয়র্কের রাস্তায় কেউ মানুষের ওপর গোপনে গোয়েন্দাগিরি করছে, ব্যক্তিগত গোপনীয়তা বা কোনো গোপন তথ্য ফাঁস করতে ওত্ পেতে রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর ইট মেরে ক্যামেরা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল শহরবাসী। ‘ক্যামেরা পাগল’ লোকটার এই কীর্তি নিউইয়র্ক টাইমসে ছাপাও হয়েছিল। ক্যামেরা ভেঙে ফেলার সিদ্ধান্ত এখন বাস্তবায়িত হলে ঠিক কতগুলো ইট লাগবে?২০১১ সালে সারা বিশ্বে ক্যামেরাযুক্ত মোবাইল ফোন বিক্রি হয়েছে ১০০ কোটিরও বেশি। ফটো শেয়ারিং ওয়েবসাইট থাউজেন্ড মেমোরিজের তথ্য অনুসারে, বর্তমানে পৃথিবীতে এক-তৃতীয়াংশ মানুষের কাছে ডিজিটাল ক্যামেরা পৌঁছে গেছে। প্রতি দুই মিনিটে যে পরিমাণ ছবি তোলা হচ্ছে, তার সংখ্যা ১৮০০ সালে সবাই মিলে যে ছবি তুলেছিল তার চেয়েও বেশি। এ ক্ষেত্রে আরেকটি মাত্রা যুক্ত করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। এই ওয়েবসাইটটিতে প্রতিদিন ৩০ কোটি ছবি আপলোড করা হয়।গবেষকেরা সম্প্রতি সতর্ক করে বলেছেন, পিক্সেলের ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এই ‘ক্যামেরা মহামারি’কে আরও বাড়িয়ে তুলেছে মানুষ। তাঁদের বক্তব্য, ‘আমরা এখন ক্যামেরা-অসুস্থতার মধ্যে বাস করছি। ছবির কোনো বিষয়বস্তু ঠিক না করে আমরা কেবল নিজেদের ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছি। এতে আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতির মুখে পড়ছে। আমরা প্রতিটি ছবি এতই গুরুত্ব দিয়ে তুলছি যেন তা অস্কার জিতবে।’ ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড ম্যাককোলাফ এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘পাহাড়ে ওঠার অর্থ হলো তুমি যাতে পৃথিবীটাকে দেখতে পারো। এর অর্থ এই নয় যে পৃথিবী তোমায় দেখবে।’ অর্থাত্ অযথা ক্যামেরা ক্লিক না করে বিষয়বস্তুর সঙ্গে নিজেকে একাত্ম করারই পরামর্শ দিয়েছেন তিনি।ছবি তোলার ক্ষেত্রে যে যন্ত্রটি মানুষের ধারণাকে পাল্টে দিয়েছে, তা হলো ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা হাতে থাকলে ছবি তোলার বিষয়টি নিয়ে আর ভাবতেই হয় না। একটি মেমোরি কার্ডে যেখানে হাজার দুয়েক ছবি অনায়াসেই সংরক্ষণ করা যায়, তখন ছবি তোলার সময় আর হিসাব করার প্রয়োজন পড়ে না। একটি ছবি তোলার পর আরেকটি ছবি তোলার জন্য এখন আর অপেক্ষাও করতে হয় না। কোনো ভাবনা-চিন্তা ছাড়াই তাড়াহুড়ো করে শুধু ছবি তুলে যান অনেকেই। এতে প্রতিটি ছবির ঘটনা পরে তাঁর আর মনে থাকে না। বলা হয়, একটি ছবি হাজার শব্দের সমান। তাহলে হাজার হাজার ছবির অর্থ কী দাঁড়ায়? এ প্রসঙ্গে কুইন্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী মার্টিন হ্যান্ড জানিয়েছেন, ‘আমরা অভূতপূর্ব দৃশ্যমানতার সময়টিতে বাস করছি।’ হ্যান্ড তাঁর লেখা ইউবিকুইটাস ফটোগ্রাফি বইয়ে লিখেছেন, ‘পরিহাসের বিষয় হলো একটি ছবি তোলার অর্থ এমন নয় যে তোমাকে আর আর তা স্মরণ করতে হবে না।’অ্যালবামে রাখা স্মৃতিভরা ছবিগুলোর কথা মনে করতে পারেন। ফিল্মের ক্যামেরায় তোলা প্রতিটি ছবি সঙ্গে জড়িয়ে রয়েছে স্মৃতির রোমাঞ্চ। অ্যালবামের কয়টা ছবির যে গুরুত্ব তা এখন হাজারো ছবির মধ্যে খুঁজে মেলা ভার। কিন্তু এখন হাজার হাজার ছবি রাখার জন্য খুব ছোট একটি মেমোরি কার্ড হলেই যথেষ্ট। বর্তমানের ছবি সংরক্ষণের ক্ষেত্রে আমরা সব কিছু রেখে দিচ্ছি। কোনটা রাখার উপযোগী আর কোনটা না, সেটা নির্ধারণ করতে পারছি না। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক সুজান মারি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ছবি তোলার পর সেগুলো মুছে দেওয়ার সময়ই আর পাই না। অনেকেই হার্ডড্রাইভ বা কোনো ফটো অ্যাপ্লিকেশনে ছবি সংরক্ষণ করে রাখেন কিন্তু সেখানে রাখা ছবিগুলোর মধ্যে কয়টা বেছে বেছে রাখা হয় তার পরিসংখ্যান নেই।’ইন্টারনেট বিশ্লেষক কানাডার গবেষক টিম উই জানিয়েছেন, ‘এক দিন আমাদের মনে প্রশ্ন উঠবে, এই এক দশকে আমরা কী করলাম? আমরা ভালো একটা ছবি পর্যন্ত তুলে রাখতে পারিনি।’গবেষকেরা ছবির বিষয়বস্তু নির্ধারণ করে তবেই ছবি তোলার পরামর্শ দিয়েছেন। তাঁদের ভাষ্য, সবাই আলোকচিত্রী হয়ে ছবি তুলতে শুরু করলে, দেখবে কে?’ তাই আগে চোখ মেলা প্রয়োজন—তারপর ক্যামেরায় চোখ রাখা।