সবাই যদি তিতাসের মতো হয়

‘মাটি কাটা আছে? লেবার (শ্রমিক) আছে? উন্মুক্ত করে দিতে পারবেন? পাইপ বাইর করে দিতে পারবেন?
আছে কেউ? লেবার মাটি খুঁড়ে দিতে পারে, তাহলে সম্ভব।’ সম্প্রতি একজন গ্রাহক বাসার গ্যাসলাইনে ফুটোসংক্রান্ত অভিযোগ জানালে ফোনে এমনই অদ্ভুত সমাধান দিয়েছেন তিতাস গ্যাস লিমিটেডের এক কর্মী। কাস্টমার কেয়ারের এমন অনন্য উদাহরণ যদি অন্যান্য প্রতিষ্ঠান অনুসরণ করতে শুরু করে, তাহলে কেমন হবে?

হ্যালো, হ্যান্ডসাম ফ্রিজ? গত পরশু আপনাদের কাছ থেকে একটা ফ্রিজ নিয়ে গিয়েছিলাম। আজকে সকাল থেকে ফ্রিজটা অফ হয়ে আছে। কিছুতেই চলছে না।
নতুন একটা কমপ্রেসর কিনে লাগিয়ে নিন। তাতেও কাজ না হলে পাশের বাসায় ফ্রিজ আছে না? খাবারদাবার সেখানেই রাখুন।

ভাইয়া, কম্পিউটারটা নিজে নিজে রিস্টার্ট নিচ্ছে। কদিন আগেই তো নিয়ে গেলাম। একটু দেখুন না।
এই নিন স্ক্রু ড্রাইভার। সিপিইউটা খুলুন। তারপর আমাকে ডাকবেন।
আপু, এই মোবাইলটা প্রায়ই হ্যাং করে। দুই মাস আগে এখান থেকে নিয়েছিলাম। এই যে মেমো।
আসলে আধুনিক জামানার স্মার্টফোন তো! মানুষ যেমন হ্যাংআউট পছন্দ করে, এরাও তেমনটাই। বাসায় হ্যাংগার আছে? থাকলে ফোনটা সেখানেই ঝুলিয়ে রাখুন। ধন্যবাদ।