
শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, লিওনেল মেসি ও ম্যারাডোনা—ক্রিকেট ও ফুটবলমাঠের একেকজন মহাতারকা। তাঁদের মধ্যে আরেকটা মিল হলো উচ্চতার দিক থেকে তাঁরা সবাই ‘ছোট’। তবে প্রতিভা আর পরিশ্রম দিয়ে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে গেছেন নিজেদের। এই তালিকায় আছেন আমাদের ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। আর নতুন করে নাম লেখালেন মুমিনুল হক। দুই টেস্টে নিউজিল্যান্ডের বোলারদের ওপর যেভাবে ছড়ি ঘোরালেন, তাতে করে মুমিনুলকে ধন্যি মানছে সবাই।
নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম তো স্বীকারই করলেন, দেখে আন্দাজই করতে পারেননি মুমিনুল কী করতে পারেন আর পারেন না! টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার গেছে মুমিনুলের ঘরে। তাই ম্যাককালামদের চিন্তার শেষ নেই। মুমিনুলের ব্যাটিং পর্যবেক্ষণের জন্য রীতিমতো গবেষণাই করতে হচ্ছে তাঁদের। দেশের কোনো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ড দলকে এই গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি দিলেও দিতে পারে। মুমিনুল অবশ্য এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। না ঘামানোই উচিত। বিশেষজ্ঞরা বলছেন, মুমিনুলকে মুমিনুলের মতো খেলতে দাও, ও নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে।
তবে বিপাকে পড়েছে গুঁড়া দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আগে গুঁড়া দুধের বিজ্ঞাপনে দেখানো হতো, ‘অমুক দুধ খেলে আপনার সন্তান বেড়ে উঠবে দ্রুত।’ কিন্তু এখন আর সেই দিন নেই। মুমিনুলকে দেখার পর থেকে উচ্চতা বৃদ্ধি নিয়ে মোটেও চিন্তিত নয় দেশের কিশোর-তরুণেরা। তাই গুঁড়া দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপনে পরিবর্তন আনার কথা ভাবছে। অচিরেই হয়তো তারা বলবে, ‘অমুক দুধ খেলে আপনার সন্তান হবে মুমিনুলের মতো!’