সবাইকে প্রোগ্রামিং শেখার আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রোগ্রামিংয়ের ওপর গুরুত্ব দিয়ে তা সবাইকে শেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রোগ্রামিং হচ্ছে প্রযুক্তির ভাষা। নতুন প্রজন্মকে আবশ্যিকভাবে প্রোগ্রামিং শিখতে হবে। মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা–কোডিং জানতে হবে। আজ মঙ্গলবার আইসিটি বিভাগের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালকবিহীন গাড়ি চালানো হচ্ছে।

নিজেদের বিকশিত করতে সবাইকে প্রোগ্রামিং শিখতে হবে। ফেসবুক, ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে নতুন প্রজন্মকে প্রোগ্রামিং শেখার ওপর মনোনিবেশ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির।

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১–এ অংশগ্রহণের লিংক https://nhspc.net। ৭ জুন পর্যন্ত প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রস্তুতিপর্ব অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ৪ ও ৬ জুন প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কুইজের দুটি মক টেস্ট অনুষ্ঠিত হবে। মূল প্রতিযোগিতার আগে শিক্ষার্থীরা এই টেস্টে অংশ নিয়ে প্রতিযোগিতার প্ল্যাটফর্ম ও নিয়মাবলি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। উভয় প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১১ জুন। প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি জানা যাবে এ লিংকে https://nhspc.net/schedule