সবার কাছে উইকিপিডিয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বড় এবং সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়ালস সম্প্রতি উইকিপিডিয়াতে একটি আবেদন করেছেন। উইকিপিডিয়ার প্রথম পাতায় থাকা এ আবেদনে জিমি বলেছেন, ১০ বছর আগে যখন উইকিপিডিয়া ধারণা নিয়ে অনেকের সঙ্গে কথা বলি, সবাই এটাকে মজার কাণ্ড বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে সব ধারণা উড়িয়ে দিয়ে একঝাঁক স্বেচ্ছাসেবকের ক্রমাগত অবদানের ফলে আজ উইকিপিডিয়া একটি জ্ঞানসমৃদ্ধ তথ্যভান্ডার হিসেবে সবার কাছে পরিচিত। এরই ধারাবাহিকতায় বর্তমানে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্পের ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি। পাশাপাশি উইকিপিডিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত ওয়েবসাইটের মধ্যে পঞ্চম। বর্তমানে কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই এগিয়ে চলছে উইকিপিডিয়ার কাজ এবং এর সব ধরনের তথ্য সবার জন্য উন্মুক্ত। বর্তমানে উইকিপিডিয়ার নানা ধরনের কার্যক্রমের জন্য ২০, ৩৫, ৫০ ও ১০০ ডলার থেকে শুরু করে যেকোনো ধরনের অর্থ সাহায্য করার আহ্বান জানান তিনি। জিমি ওয়ালসের মতে, আপনি যদি মনে করেন উইকিপিডিয়া একটি তথ্যসমৃদ্ধ ভান্ডার, তাহলে এর কাজের অগ্রগতির জন্য সাহায্য করুন। উইকিপিডিয়া ওয়েবসাইটের প্রথম পাতায় থাকা লিংকে ক্লিক করে এ সাহায্য করা যাবে। —উইকিপিডিয়া অবলম্বনে নুরুন্নবী চৌধুরী