সবার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে আমাদের দশম গণিত অলিম্পিয়াড। আমরা আজ থেকে ১০ বছর আগে যখন অলিম্পিয়াড আয়োজনের উদ্যোগ নিই, তখন এটা যে সারা দেশে এভাবে তরুণ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বিপুল সাড়া জাগাবে, তা চিন্তা করতে পারিনি। এ বছর আমরা দেশে ১৭টি আঞ্চলিক উত্সবের আয়োজন করি। তার পরও স্থান সংকুলান না হওয়ায় অনেক আগ্রহী শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করি, আগামী বছরগুলোতে আরও বেশি জায়গায় আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করে আগ্রহী সব শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারব। যদিও প্রাথমিক পর্যায়ে আমাদের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের মধ্যে যে গণিতভীতি সৃষ্টি হয়, তা কীভাবে দূর করা যায়। এ লক্ষ্যে আমরা শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ না রেখে এটার নাম দিয়েছি গণিত উত্সব। প্রতিযোগিতার বাইরেও বিভিন্ন বিষয়ে, বিশেষ করে, বিজ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের যেসব প্রশ্ন থাকে, যার মধ্যে অনেকগুলোই তারা শ্রেণীকক্ষে শিক্ষকদের জিজ্ঞেস করার সুযোগ ও সাহস পায় না, তা যেন উত্সবে উপস্থিত গণিতবিদ ও বিজ্ঞানীদের কাছ থেকে সহজ ভাষায় উত্তর পেয়ে যায়। এ ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং সাংস্কৃতিক ঐতিহ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমাদের মূল উদ্দেশ্য কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ ভবিষ্যত্ প্রজন্ম তৈরি করা। আমাদের আরেকটি উদ্দেশ্য, প্রতিবছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ দলের অংশগ্রহণের লক্ষ্যে দল নির্বাচন এবং তাদের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করা। আমরা শুরুতেই শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনটি স্বপ্নের কথা বলেছিলাম। প্রথম স্বপ্ন, ২০১০ সালের মধ্যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে একটি মেডেল, যা ইতিমধ্যে আমরা অর্জন করেছি। দ্বিতীয় স্বপ্ন, ২০২২ সালের ভেতর গণিতের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার ফিল্ডস মেডেল অর্জন এবং তৃতীয় স্বপ্ন, ২০৩০ সালের ভেতর বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কার পাওয়া।আমাদের এই গত এক দশকের অগ্রগতির পেছনে তিনটি বিষয় সহায়তা করেছে। প্রথমটি হলো, ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতা, যা না হলে দেশব্যাপী হাজার হাজার শিক্ষার্থীকে নিয়ে এই গণিত উত্সব সম্ভব হতো না। দ্বিতীয়টি হলো, বাংলাদেশের সবচেয়ে বেশি ও সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলোর সহায়তা, যার মাধ্যমে প্রতিযোগিতার খুঁটিনাটি সারা দেশের আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক, জনগণ জানতে পারেন।তৃতীয়টি হলো, দেশের ভেতরে বরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, অন্যান্য শিক্ষার্থীর সক্রিয় সহযোগিতা, যা না হলে এ আয়োজন সম্ভব হতো না। এ ছাড়া তরুণ স্বেচ্ছাসেবক কর্মী বাহিনী (মুভার্স ও বন্ধুসভার সদস্যরা), যারা এ আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে, তাদের সহায়তা ছাড়া এ অগ্রগতি অর্জন সম্ভব হতো না।আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে যারা কৃতিত্ব দেখিয়েছে, তাদের অনেকেই এখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। আমার বিশ্বাস, এই তরুণেরা যখন দেশে ফিরে এসে এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত হবে, তখন আমাদের এ উদ্যোগ আরও বেগবান হবে।সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি