সবার জন্য ইন্টারনেট: গ্রামীণফোন-বেসিস চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি সইয়ের পর গ্রামীণফোনের সিইও বিবেক সুদ ও বেসিস সভাপতি শামীম আহমেদ চুক্তিপত্র বিনিময় করছেন। উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা
চুক্তি সইয়ের পর গ্রামীণফোনের সিইও বিবেক সুদ ও বেসিস সভাপতি শামীম আহমেদ চুক্তিপত্র বিনিময় করছেন। উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা

সবার জন্য ইন্টারনেট কর্মসূচিকে এগিয়ে নিতে চুক্তিবদ্ধ হয়েছে দেশের বৃহত্তম টেলিফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি-নির্ভর শিল্পের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ।

আজ বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড কনভেনশনে এ সমঝোতা স্মারক সই হয়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুুল লতিফ সিদ্দিকী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দৃঢ়ভাবে সমর্থন করি। গ্রামীণফোনের লক্ষ্য হচ্ছে সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া। বেসিসের সঙ্গে যৌথ এ উদ্যোগের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং নতুন নতুন কনটেন্ট ও সেবা উন্নয়নে উত্সাহী করতে চাই।"

বেসিসের সভাপতি শামীম আহমেদ বলেন, বেসিসের ‘ওয়ান বাংলাদেশ’ লক্ষ্যমাত্রা এবং গ্রামীণফোনের ‘ইন্টারনেট ফর অল’ কার্যক্রম একই রকম। এ চুক্তির মাধ্যমে এ লক্ষ্যগুলো অর্জনে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।"


সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বাড়ানো এবং নতুন নতুন কনটেন্ট তৈরিতে উত্সাহ দেওয়ার লক্ষ্য নিয়ে গ্রামীণফোন ও বেসিস বেশ কিছু কাজ করবে।

এর মধ্যে রয়েছে বাংলাদেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য প্রতিবছর ইন্টারনেট শিক্ষা দিবস পালন। ১০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করতে পারে এমন ইন্টারনেটভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি ও বিতরণে সমর্থন দেওয়া। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্রতিবছর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এক কোটি করে বাড়ানোর লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

সচেতনতা বাড়ানোর জন্য অন্যান্য উদ্যোগের মধ্যে বেসিস ইন্টারনেট উন্নয়নের প্রধান প্রধান পক্ষ যেমন সরকার, নীতিনির্ধারক, শিল্প এবং উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেবে।