
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে নতুন উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন। এ জন্য নতুন নীতিমালা চালুর ব্যাপারেও জানিয়েছেন তিনি। এর ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে বাধ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে সোমবার বারাক ওবামা এক বক্তব্যে জানান, ইন্টারনেট বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের জরুরি একটি বিষয়। আর এ সেবা নিরবচ্ছিন্ন করতে স্বাধীন ফেডারেল কমিউনিকেশনস কমিশন কাজ করবে। এ-সংক্রান্ত নীতিমালা শক্তভাবে যাতে মানা হয়, সংস্থাটি সে বিষয় নিশ্চিত করবে।
সাম্প্রতিক সময়ে একাধিক ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট অর্থ পরিশোধ করার পরও অনেক গ্রাহকের ইন্টারনেট গতি কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর এ নিয়ে মামলাও হয়েছে একাধিক।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর চালু করা এ নীতিমালা মোবাইল ব্রডব্যান্ডের ক্ষেত্রেও চালুর ব্যাপারে ভাবা হচ্ছে বলেও জানান ওবামা। ওবামার এমন নীতিমালা বিষয়ে একমত জানিয়েছে দেশটির কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মুক্ত ইন্টারনেট সবার জন্য নিশ্চিত করার ক্ষেত্রে এ নীতিমালা বেশ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজি নিউলা ও’কর্নর জানান, ডিজিটাল অর্থনীতির সঠিক বাস্তবায়নে সবার জন্য সমানভাবে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করাটা জরুরি। —এএফপি অবলম্বনে কাজী আলম