সবার জন্য প্রোগ্রামিং

গত বছর ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পরীক্ষামূলকভাবে একটি কম্পিউটার প্রোগ্রামিং ক্লাসের আয়োজন করা হয়। ক্লাসটি কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছাড়া সবার জন্য উন্মুক্ত ছিল। ২০ আসনের সেই ক্লাস ভরে যেতে সময় নেয়নি। তালিকায় অপেক্ষমাণ থাকে আরও ১৩০ জন। এ বছর বিশ্ববিদ্যালয়টি সেমিস্টারে পাঁচটি করে প্রোগ্রামিং ক্লাস রেখেছে এবং এবারও তা ব্যাপক সাড়া জাগিয়েছে। তবে এরা কেউই পেশাদার প্রোগ্রামার হতে চায় না। তাহলে কেন প্রযুক্তি বিজ্ঞানের ছাত্র না হয়েও সবাই প্রোগ্রামিং শিখতে চাইছে?
‘এরা কেউই ভবিষ্যতে প্রোগ্রামার হবে না, তবে তারা বুঝতে পেরেছে যে এই দক্ষতা তাদের নিজেদের পেশাতেও দক্ষ করে তুলবে।’ বলছিলেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ওম, যিনি প্রোগ্রামিং ক্লাসগুলো পরিচালনা করেন। উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর আইন বিভাগের ছাত্ররা প্রোগ্রামিংয়ের মাধ্যমে ছোট করে লেখা, বিভিন্ন আইনের ধারা আর্কাইভ থেকে সহজে খুঁজে বের করাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে শেখে। এদের মতোই অন্যান্য বিভাগ যেমন বিপণন, উৎপাদন থেকে চিকিৎসাবিজ্ঞানের ছাত্ররাও প্রোগ্রামিং শিক্ষার মাধ্যমে তাদের কাজগুলো সহজে গুছিয়ে নিতে পারবে। আধুনিক এই যুগে সংকেত লিখতে (কোডিং) জানাই এখন আন্তর্জাতিক ভাষা। প্রযুক্তির বিবর্তনে প্রোগ্রামিং শেখাটা খুবই জরুরি এবং সহজও হয়ে উঠছে। তবে শুরুটা করবেন কোথা থেকে, শিখবেনই বা কোথায়?
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রোগ্রামিং
প্রোগ্রামিং শেখার গুরুত্ব অনুধাবন করেই আজকাল প্রায় প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলেও প্রোগ্রামিং শেখানোর বিভিন্ন কোর্স চালু হচ্ছে। তবে খুব কম শিক্ষাপ্রতিষ্ঠানেই সেটা আবশ্যিক বিষয় হিসেবে গণ্য হয়। তাই প্রোগ্রামিংয়ের ওপর জোর দিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে বাংলাদেশ শিক্ষা বোর্ড আইসিটি বিষয়টিকে সবার জন্য বাধ্যতামূলক করেছে। তবে সেখানে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলোই শেখানো হয়। উন্নত বিশ্বে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধেক শিক্ষার্থীই প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িত থাকে। প্রোগ্রামিং শিক্ষার মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটে বলে ধারণা শিক্ষাবিদদের।
শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রোগ্রামিং কোর্সের বাইরেও রয়েছে কোডিং শেখার সুযোগ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প খরচে বিভিন্ন প্রোগ্রামিং কোর্স করিয়ে থাকে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুট ক্যাম্পের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্যও তারা প্রোগ্রামিং ক্যাম্পিংয়ের আয়োজন করে থাকে। গ্যালভানাইজ নামের বুট ক্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রোগ্রামিং কোর্স করে বের হওয়া ৯১ ভাগ শিক্ষার্থীই চাকরিক্ষেত্রে সফল হয়েছেন।
চাইলে অনলাইনেই সম্ভব
ঘরমুখী কিংবা কর্মব্যস্ত মানুষদের জন্য অনলাইনে প্রোগ্রামিং শেখার সুযোগও রয়েছে বেশ। এর জনপ্রিয়তাও তুঙ্গে। বাংলাদেশের অনেক তরুণ শিক্ষার্থীই ঘরে বসে অনলাইনে প্রোগ্রামিংয়ের হাতেখড়ি করে থাকেন। অনলাইন কোর্সগুলো যেমন উন্নত হয়, তেমনই তুলনামূলক কম খরচেই করা যায়। কোর্সেরা (www.coursera.org), এডএক্স (www.edx.org) এবং ইউডাসিটি (www.udacity.com) হচ্ছে অনলাইনে প্রোগ্রামিং শেখানো ওয়েবসাইটের তালিকার শীর্ষ তিন। প্রায় সব কটি ওয়েবসাইট থেকেই প্রোগ্রামিংয়ের মূল শিক্ষা অর্জন করা যায়, তবে দক্ষতা ও সার্টিফিকেট অর্জন করতে ২০ থেকে ১০০ মার্কিন ডলার পর্যন্ত ব্যয় করতে হতে পারে।
শাওন খান, সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস